বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

লক্কড়-ঝক্কর যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

S
লক্কড়-ঝক্কর কয়েকটি যানবাহনের অবস্থা। ছবি- ঢাকা মেইল

রাজধানী ঢাকায় ইকোনমিক লাইফ অতিক্রান্ত, লক্কড়-ঝক্কর, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে রাজধানীতে বহু পুরনো, লক্কড়-ঝক্কর ও ঝুঁকিপূর্ণ বাস, মিনিবাস এবং পণ্যবাহী যানবাহন চলাচল করছে। এসব যানবাহন প্রায়ই সড়ক, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এ পরিস্থিতিতে ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ অতিক্রান্ত সব ধরনের যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য মালবাহী যানবাহনকে এ অভিযানের আওতায় আনা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ২০২৩ সালের ১৭ মে জারি করা এক প্রজ্ঞাপনে বাস ও মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য পণ্যবাহী মোটরযানের আয়ুষ্কাল ২৫ বছর নির্ধারণ করেছে। 


বিজ্ঞাপন


ওই সময়সীমা অতিক্রম করা যানবাহন রাজধানীতে না চালানোর জন্য মালিক ও চালকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময় অতিক্রম করা ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহন চলাচল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  এর মধ্যে জরিমানা, যানবাহন ডাম্পিংয়ে প্রেরণসহ বিভিন্ন দণ্ডমূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।

ডিএমপি জানিয়েছে, বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হবে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে অভিযান জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে যানবাহন মালিক, চালক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি। মেয়াদোত্তীর্ণ যানবাহন নিয়ন্ত্রণ করা গেলে রাজধানীতে যানজট কমবে এবং সড়ক নিরাপত্তা আরও উন্নত হবে বলে মনে করছে তারা।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর