হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
আফরোজা খানম বলেন, সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ বিমান চলাচল খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করবে।
আধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল খাতে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের আকাশসীমা আরো নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রকল্প বাস্তবায়নে ফ্রান্স সরকার ও সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য আমি কৃতজ্ঞতা জানাই। থ্যালেসের সরবরাহকৃত প্রযুক্তি আমাদের আকাশসীমা ব্যবস্থাপনায় সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা হয়েছে। এই আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা বিমান চলাচলকে আরো নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, আঞ্চলিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা গড়ে তোলার নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ধারাবাহিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে, বেবিচক সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
এমআইকে/এফএ




