আগামী বছরের পবিত্র হজে বিমান ভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। বিমানভাড়া সর্বনিম্ন যতটুকু না নিলেই নয় শুধু সেটুকুই নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বেসরকারি লিড এজেন্সি আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে এবং সৌদির রাওয়াফ মিনা এজেন্সির সহযোগিতায় রাজধানীর একটি হোটেলে হজ যাত্রীদের মধ্যে নুসুক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হজ নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত
রাশিদুজ্জামান মিল্লাত বলেন, হজ ব্যবস্থাপনা সুন্দরভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এজন্য প্রধানমন্ত্রী সোমবার হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, হজ এজেন্সিগুলো যদি হজ যাত্রীদের সঠিকভাবে সেবা না দেয়, তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।’
তিনি বলেন, ‘একইভাবে বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের সেবায়। তাদের কেউ যদি সঠিকভাবে সেবা না দেয়, তাহলে তাদের চাকরিচ্যুত করা হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন সরকারের সময়ে এই প্রথমবারের মতো দেশে বসেই হজ যাত্রীরা নুসুক কার্ড হাতে পেয়ে যাচ্ছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আগামীতে হজ ব্যবস্থাপনা যাতে আরও সুন্দর ও আধুনিকভাবে সম্পন্ন হয়, সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।’
বিজ্ঞাপন
অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদি আমিন বলেন, ‘দেশে এই প্রথমবারের মতো এ রকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যা হজ ব্যবস্থাপনা আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
তিনি জানান, ‘আগামীতে দেশের হজ ব্যবস্থাপনা আরও আধুনিক, সুশৃঙ্খল ও হাজিবান্ধব করতে সরকার উদ্যোগ নিয়েছে। সরকার দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধ পরিকর। মূলত ইসলাম ধর্মের ফরজ এ ইবাদত যাতে সবাই সুন্দরভাবে পালন করতে পারে, সেজন্য কীভাবে হজের খরচ আরও কমানো যায়, সে ব্যাপারে কাজ করবে সরকার।’
আগামীতে সবার সম্মিলিত প্রচেষ্টায় সরকার আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের হজ ব্যবস্থাপনা উপহার দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহদি আমিন।
আরও পড়ুন: হজের নিয়ত কখন কীভাবে করতে হয়?
অনুষ্ঠানে লিড এজেন্সি আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে হজে যাওয়া ১৪টি এজেন্সির হজ যাত্রীদের মধ্যে নুসুক কার্ড বিতরণ করা হয়। এর মাধ্যমে এই প্রথমবারের মতো দেশে থেকেই নুসুক কার্ড হাতে পেয়ে যাচ্ছেন হজ যাত্রীরা।
চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে ১৭ এপ্রিল। ওইদিন রাতে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে শিগগিরই তিনি হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন।
এএইচ




