শান্তিপূর্ণ ভোট উৎসব শেষে এখন নতুন সরকারের অপেক্ষায় রয়েছে প্রতিবেশী দেশ নেপালের জনগণ। দেশটির নাগরিকদের গণতান্ত্রিক এ অভিযাত্রাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ৫ মার্চ অনুষ্ঠিত সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচনের জন্য নেপাল সরকার এবং জনগণকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালি জনগণের আকাঙ্ক্ষা এবং স্থিতিস্থাপকতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিকে প্রতিফলিত করে।
বিজ্ঞাপন
আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ভালো হবে এমনটা প্রত্যাশা জানিয়ে পোস্টে তিনি আরও লিখেছেন, ‘বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন সরকার নেপালের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছে।’
প্রসঙ্গত, গত বছর দেশটিতে জেন-জি অভ্যুত্থানে সরকার পতনের পর গত বৃহস্পতিবার প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষোভ, হতাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই এ দিন ভোটকেন্দ্রে যান দেশটির লাখো ভোটার।
নতুন সরকার নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় এক কোটি ১৩ লাখ ভোটার। ২৭৫ সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের জন্য, যেখানে ১৬৫ আসন সরাসরি ভোটে এবং ১১০ আসন পার্টি তালিকার মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বহুল প্রতীক্ষিত এ সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক গণনায় তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১১০ আসনে এগিয়ে আছে। দলটি বড় জয় নিয়ে সরকার গঠন করতে পারে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
এফএ

