রাজধানীর শান্তিনগর এলাকাস্থ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ঢাকা মহানগর কার্যালয়ের সামনে ছিনতাইকালে সাইদুজ্জামান সোহেল নামের এক ছিনতাইকারী হাতেনাতে আটক হয়েছেন। তার কাছ থেকে ছিনতাইয়ের ৭৭ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে এই ঘটনা ঘটে। বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।
সিআইডি জানায়, এদিন বেলা ১টার দিকে তৌহিদ আলমগীর নামে এক ব্যক্তি শান্তিনগর এলাকা থেকে রিকশা দিয়ে খিলগাঁওয়ের পূর্ব গোড়ানে নিজ বাসায় ফিরছিলেন। তিনি শান্তিনগর এলাকায় সিআইডির ঢাকা মহানগর (গোয়েন্দা প্রশিক্ষণ বিদ্যালয় ভবন) কার্যালয়ের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে।
বিজ্ঞাপন
এ সময় তাকে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র দেখিয়ে ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন ভুক্তভোগীর চিৎকার শুনে ঘটনাস্থলে অবস্থানরত সিআইডি ঢাকা মহানগর-উত্তর বিভাগের উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. মনির হোসেন তাৎক্ষণিকভাবে একাই ছিনতাইকারীদের ধাওয়া করে এক ছিনতাইকারীকে পেছন থেকে জাপটে ধরে আটক করতে সক্ষম হন। তবে এসময় অপর দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যান।
সিআইডি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি একজন পেশাদার ছিনতাইকারী এবং আন্তঃজেলা ডাকাতদল ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য।
বিজ্ঞাপন
আটক ছিনতাইকারীর বিরুদ্ধে ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং একাধিক গ্রেফতারি পরোয়ানা মুলতবি আছে। অতীতেও তিনি একাধিকবার গ্রেফতার হয়েছেন বলে সিআইডি জানিয়েছে।
আটক আসামি ও উদ্ধারকৃত অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও পুলিশ জানায়।
একেএস/এএম

