শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

১১৬ আসনে ব্যালট পৌঁছেছে, বাকিগুলো পৌঁছবে ৭ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

১১৬ আসনে ব্যালট পৌঁছেছে, বাকিগুলো যাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব
১১৬ আসনে ব্যালট পৌঁছেছে, বাকিগুলো যাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের জন্য ইতোমধ্যে ১১৬টি আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। বাকি আসনগুলোর ব্যালট আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


তিনি বলেন, কয়েকটি আসনে আদালতের নির্দেশে ও শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পাওয়ায় ব্যালট পুনর্মুদ্রণ করতে হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে সামগ্রিকভাবে নির্বাচন কমিশন সময়ের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করছে বলে দাবি করেন তিনি।

ইসি সচিব আরও বলেন, নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে অপতথ্য ও তথ্যের অপপ্রচারকে গুরুত্ব দিচ্ছে কমিশন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আক্রমণাত্মক কনটেন্ট অপসারণে মেটা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ইন্টারনেটের গতি কমানোর মতো কোনো পদক্ষেপের পক্ষে নয় কমিশন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে ডেপ্লয়মেন্ট প্ল্যান কার্যকর রয়েছে। সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালন করবে।

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, কমিশন তাদের কাছ থেকে কোনো নির্দিষ্ট পর্যবেক্ষণ জানতে চায়নি। তারা মূলত কমিশনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে অবহিত হয়েছেন।


বিজ্ঞাপন


পোস্টাল ব্যালট প্রসঙ্গে আখতার আহমেদ জানান, বিদেশ থেকে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কারণে কিছু বিলম্ব হলেও মধ্যপ্রাচ্যে ব্যালট আটকে থাকার কোনো তথ্য কমিশনের কাছে নেই।

এরআগে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইয়াবস বলেন,ইইউ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। বৈঠকে নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

এসময় ইসির কার্যক্রম নিয়ে সন্তোষ জানিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইতিমধ্যে ৩০০ সংসদীয় আসনে সংস্থাটির পর্যবেক্ষন চলছে জানিয়ে শীগ্রই স্বল্প মেয়াদে আসা পর্যবেক্ষকরাও মাঠে নামবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। 

এমএইচএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর