প্রেমের টানে এক দেশ থেকে আরেক দেশে ছুটে যাওয়া, হাজার মাইল পাড়ি দিয়ে পছন্দের মানুষকে বিয়ে করার ঘটনা নতুন নয়। সম্প্রতি এ ধরনের খবরে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এমন বিয়ের ছবি ও ভিডিও দেশে বেশ আলোচনার জন্ম দেয়। এই ধরণের বিয়ে আবেগ, উচ্ছ্বাস দিয়ে শুরু হলেও পরিণতিটা অধিকাংশ ক্ষেত্রেই সুখকর নয়। বিয়ের অল্প সময়ের মধ্যেই নব দম্পতিদের মধ্যে দেখা দেয় বিরোধ, তৈরি হয় দূরত্ব। কোনো কোনো সম্পর্ক তো বিচ্ছেদ ও আদালত পর্যন্তও গড়ায়। কখনো কখনো শোনা যায় স্ক্যামের অভিযোগও।
এখন প্রশ্ন আসে, এধরণের বিয়ের পেছনে প্রধান কারণগুলো কি? শুধুই কি প্রেম? নাকি এর সঙ্গে জড়িয়ে থাকে উন্নত জীবনের স্বপ্ন, আর্থিক প্রত্যাশা, বিদেশে স্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা, সামাজিক মর্যাদা কিংবা অন্য কোনো স্বার্থ?
বিয়ের পেছনে শুধু একটি কারণ থাকে না। আবেগের বশে বিদেশ থেকে তারা ছুটে এলেও এর পেছনে অন্যান্য অনেক কারণও থাকে। কারো ক্ষেত্রে সেটি নতুন সমাজ, সংস্কৃতি ও কৃষ্টি-কালচারের সঙ্গে মেশার আকাঙ্ক্ষা, কারো কারো ক্ষেত্রে হতে পারে অসৎ কোনো উদ্দেশ্য। তাই ভিন্ন দেশের মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে আবেগের পাশাপাশি বাস্তবতার দিকটিও বিবেচনায় রাখতে হবে। তা না হলে এই সম্পর্কের পরিণতি ভাবনার চেয়েও কঠিন হতে পারে।
প্রেমের টান, বাস্তবতার ব্যবধান
ভিন্ন দুটি দেশের মানুষের মধ্যে প্রেম হওয়া আজকাল আর অস্বাভাবিক কিছু নয়। প্রযুক্তির এই যুগে পরিচিত হওয়ার সবচেয়ে সহজ মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এছাড়া, কর্মক্ষেত্রে, ভ্রমণে কিংবা অন্য কোনো মাধ্যমেও পরিচয় হতে পারে। এই পরিচিয় থেকেই তৈরি হয় ভালো লাগা, যা একপর্যায়ে ভালোবাসায় গড়ায় এবং সম্পর্কের পূর্ণতা আসে বিয়ের মাধ্যমে। তবে দূর থেকে একজন মানুষকে ভালো লাগা আর তার সঙ্গে একই ছাদের নিচে জীবন কাটানো মোটেই এক বিষয় নয়। আর এই ভ্রমটা ভাঙে বিয়ের ঠিক পরপরই।
ভিন্নভাষী দুজন মানুষ একই ছাদের নিচে বসবাস শুরু করলে স্বাভাবিকভাবেই দৈনন্দিন যোগাযোগে সমস্যা দেখা তৈরি হতে পারে। কেননা, ফোনের ওপাশ থেকে ট্রান্সলেটরের সাহায্যে মেসেজে কথা বলা আর সামনাসামনি আলাপ করা এক বিষয় নয়।
ভাষা ছাড়াও, পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকেও বিরোধ দেখা দিতে পারে। একজনের কাছে যে আচরণ স্বাভাবিক অন্যজনের কাছে সেটিই অস্বস্তিকর হতে পারে। ধর্মীয় বিশ্বাস, পারিবারিক রীতি, খাদ্যাভ্যাস, পোশাক, সামাজিক আচার কিংবা সন্তান পালনের পদ্ধতিতেও বড় পার্থক্য ধরণের পার্থক্য ও মতানৈক্য দেখা দিতে পারে।

একজনের হয়তো পরিবারকেন্দ্রিক ও রক্ষণশীল জীবন পছন্দ, অন্যজনের কাছে গুরুত্ব পায় নিজের ইচ্ছা ও অবাধ স্বাধীনতা। হয়তো একজনের খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস, আর অন্যজনের সকালই হয় দুপুরে।
এ ছাড়া খাবার, আবহাওয়া, সামাজিক পরিবেশ, বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক সবকিছুতেই ছাড় দিয়ে মানিয়ে নেওয়ার প্রয়োজন হয়। আর অধিকাংশ ক্ষেত্রেই এসব বিষয়গুলো নিয়ে আগে থেকে আলোচনা হয় না। ফলসরূপ, বিয়ের পর ছোট বিষয়গুলোও অনেক বড় বিরোধের কারণ হয়ে দাঁড়ায়।
ইমরান-নাকানোর ঘটনা: সন্তানদের নিয়েও আইনি লড়াই
পারিবারিক সংকটের উদাহরণসরূপ ইমরান শরিফ ও জাপানি নাগরিক নাকানো এরিকোর সম্পর্কটি নিয়ে আলোচনা করা যেতে পারে। ২০০৮ সালে জাপানে তাদের বিয়ে হয়। এর পর তাদের ঘর আলো করে আসে তিন কন্যাসন্তান। তবে ২০২০ সালে তাদের সংসারে ভাঙনের সুর বাজে। তখন জাপানের আদালতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপরই শুরু হয় সন্তানদের অভিভাবকত্ব নিয়ে দীর্ঘ আইনি লড়াই।
পরবর্তী সময়ে দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। সন্তানদের নিজের কাছে রাখতে তার পিছু পিছু এরিকোও চলে আসেন বাংলাদেশে। দ্বারস্থ হন আদালতের। ২০২৩ সালে এরিকোর কাছে দুই মেয়ের অভিভাবকত্ব দেন ঢাকার পারিবারিক আদালত।
পরবর্তীতে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টের নতুন রায় আসে। রায়ে তিন সন্তানের অভিভাবকত্ব তাদের পিতা-মাতার কাছে ভাগ করে দেওয়া হয়। সিদ্ধান্ত হয়, বড় ও ছোট মেয়ে থাকবে মায়ের সঙ্গে। আর বাবার সঙ্গে মেজ মেয়ে। তবে উভয় অভিভাবকই তিন সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

এই ঘটনা থেকে এই বিষয়টি স্পষ্ট যে, ভিনদেশী স্বামী-স্ত্রীর মধ্যকার সংকট শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সেটি সন্তানদের বসবাস, শিক্ষা, নাগরিকত্ব, অভিভাবকত্ব ও ভবিষ্যৎ নিয়েও জটিলতা তৈরি করে।
তবে এই ধরণের দাম্পত্য সম্পর্ক ভাঙনের একমাত্র কারণ সংস্কৃতিগত পার্থক্য নয়। এর বাইরেও বিভিন্ন কারণ ভূমিকা রাখতে পারে।
প্রেমের আড়ালে প্রতারণা ও স্বার্থ
সব বিয়েই যে শুধুই প্রণয়ের তা কিন্তু নয়, কিছু বিয়ের ক্ষেত্রে বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষা, অর্থনৈতিক সুবিধা ভোগের স্বপ্ন, সামাজিক মর্যাদা কিংবা ব্যক্তিগত স্বার্থও কাজ করতে পারে। অনেকেই বিদেশি নাগরিকের সঙ্গে সম্পর্ককে উন্নত জীবনের সহজ সিঁড়িও মনে করে থাকেন। আর কোনো বিয়েতে যদি সঙ্গীর এমন প্রত্যাশ্যা পূরণ না হয়, তখনই সম্পর্কের মধ্যে হতাশা তৈরি হয়। সম্পর্কে শুরু হয় টানাপোড়েন।
আরও পড়ুন: চিঠি থেকে চ্যাটবক্স: চার দশকে যেভাবে বদলে গেল ডেটিং কালচার
২০২৬ সালের জুনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এই ধরণের একটি অভিযোগ পাওয়া যায়। আন হংওয়েই নামের এক চীনা নাগরিক তার বাংলাদেশি স্ত্রী মোর্শেদা খাতুনের বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ তোলেন। তিনি দাবি, তার স্ত্রী চার হাজার মার্কিন ডলার ও ব্যক্তিগত কাগজপত্র নিয়ে পালিয়ে গেছেন।
ঢাকার একটি পোশাক কারখানায় তাদের পরিচয় হয়। সেখান থেকেই প্রেম। এর পর বিয়ে। তবে চীনা নাগরিকের এই অভিযোগের বিষয়ে তার স্ত্রীর কোন বক্তব্য পাওয়া যায়নি। আর ঘটনাস্থল সাভার হওয়ায় পুলিশও তাকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের পরামর্শ দেয়। তাই এই অভিযোগের সত্যতা কতটুকু সেটি প্রমাণ করা যায়নি।

এই ধরণের অভিযোগের বাইরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের মতো গুরুতর অভিযোগের ঘটনাও সামনে এসেছে। ২০২৫ সালের মে মাসে ঢাকায় দুই চীনা নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে এক তরুণীকে চীনে পাচারের চেষ্টার অভিযোগে ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই তরুণীকে এক চীনা নাগরিকের সঙ্গে প্রথমে বিয়ে দেওয়া হয়। এরপর বিদেশ নেওয়ার নাম করে তাকে পাচারের চেষ্টা করা হয়।
বয়স, ধর্ম ও জীবনযাপনের অমিল
আজকের এই আধুনিক যুগে এসেও বিয়ের ক্ষেত্রে বয়সের ব্যবধান, ধর্মীয় বিশ্বাস, পারিবারিক পরিবেশ ও জীবনযাপনের ধরণের বিবেচনার গুরুত্বপূর্ অপরিসীম। দুজনের মধ্যে এসব বিষয়ে মতের অমিল সম্পর্কে সংকট তৈরি হতে পারে।
আরও পড়ুন: সঙ্গী হিসেবে জেন জি নারীদের প্রথম পছন্দ মিলেনিয়াল পুরুষ!
একজন হয়তো ধর্মীয় অনুশাসন মেনে চলতে , সন্তানদের একটি নির্দিষ্ট ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশে বড় করতে, চান। এদিকে অপরজনের জীবনযাপন ও পরিকল্পনা ভিন্ন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, প্রত্যেকেই নিজ নিজ দেশে বসবাসের ব্যাপারে এক চুলও ছাড় দিতে নারাজ। এসব বিষয়ে সমঝোতা না হলে সংসারে টানাপোড়েন বাড়ে।
সম্পর্কে বয়সের ব্যবধানও বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। হয়তো দেখা যায়, একজন যখন সংসার ও সন্তান নিয়ে একটি স্থিতিশীল জীবনের স্বপ্নে বিভোর থাকেন। এদিকে, অন্যজন তখন ভ্রমণ, বিনোদন কিংবা নিজের মতো করে জীবন কাটানোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে দুজনের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্বে বেড়ে যেতে পারে।

ভিন্ন দেশিদের বিয়ের আগে যে বিষয়গুলো জানা জরুরি
শুধুই আবেগের বশে কাউকে বিয়ে করা উচিত নয়। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগের পাশাপাশি আর কয়েকটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন।
ভাষা: দুজনের মধ্যে একটি কমন ভাষা আছে কি না যার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সহজে ভাবের আদান-প্রদান করা যায় তা জানতে হবে।
আরও পড়ুন: আধুনিক সম্পর্কে কেন জনপ্রিয় ‘ডেটিং ডাউন’?
বসবাস: বিয়ের পর দুজন কোথায় বসবাস করবেন, কীভাবে জীবনযাপন করবেন সেসব বিষয়ে দুজনের মতামত ও সিদ্ধান্ত এক কি না তা যাচাই করে নিতে হবে।
ধর্ম ও সংস্কৃতি: ধর্মীয় বিশ্বাস, খাদ্যাভ্যাস, পারিবারিক দায়িত্ব ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুজন ব্যক্তির চিন্তাভাবনার মধ্যে কতটা মিল বা অমিল রয়েছে তা জানা।
আইন: উভয় দেশের আইনে বিয়ের আইনগত বৈধতা, নাগরিকত্ব, প্রবেশ ও বসবাসের অনুমতি, সম্পত্তি, দেনমোহর বা আর্থিক দায়িত্ব এবং বিচ্ছেদের ক্ষেত্রে আইনি অধিকার সম্পর্কেও জানা জরুরি।

ব্যক্তিগত তথ্য: সঙ্গীর পরিচয়, বৈবাহিক অবস্থা, পেশা ও পারিবারিক তথ্যের মতো তথ্য যাচাই করাও জরুরি। শুধু অনলাইনে পরিচয় কিংবা অল্প দিনের আবেগের ভিত্তিতে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু প্রেম যথেষ্ট নয়
একটি সম্পর্কের সূচনা প্রেমের মাধ্যমে হতে পারে। তবে সংসার টিকিয়ে রাখতে শুধু প্রেম বা ভালোবাসা যথেষ্ট নয়। এর পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, দায়িত্ববোধ, ধৈর্য ও সমঝোতা থাকাটাও প্রয়োজন। আর ভিন্ন দেশে বড় হওয়া দুজন মানুষের মধ্যে যদি মানসিক মিল থাকলে তবে একটি সুন্দর সংসার গড়ে তোলা অসম্ভব কিছু নয় । আবার একই দেশ, ভাষা ও সংস্কৃতির মানুষ হয়েও অনেকের সংসার টেকে না।
তাই, বিদেশি কাউকে বিয়ে করলেই সম্পর্ক ব্যর্থ হবে কিংবা শুধু প্রেমের টানে বিদেশে গিয়ে বিয়ে করলেই জীবন সুখের হবে- উভয় ধারণাই বাস্তবসম্মত নয়। বিয়ের আগে পছন্দের মানুষটি ব্যক্তি হিসেবে কেমন সেটি জানার পাশাপাশি তার জীবনযাপন, মূল্যবোধ, পারিবারিক পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাটাও সমানভাবে জরুরি।
এএ




