এসি, ফ্রিজ কিংবা মাইক্রোওভেনের মতো ভারী বৈদ্যুতিক যন্ত্রের তারের দিকে খেয়াল করলে দেখবেন এগুলো ৩-পিন এর প্লাগের হয়ে থাকে। এই পিনের ওপরের পিনটি বাকি দুটির তুলনায় বেশ বড় ও মোটা ধাঁচের হয়ে থাকে। এটি কিন্তু সাধারণ কোনো ডিজাইন নয়। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কারণ।
এই বড় ও লম্বা পিনটিকে বলা হয় আর্থিং পিন, যা সরাসরি মাটির সঙ্গে সংযুক্ত থাকে। ফ্রিজ, এসি কিংবা মাইক্রোওয়েভ ওভেনের মতো ভারী যন্ত্রের বাইরের অংশ সাধারণত ধাতব হওয়ায় সেখানে কারেন্ট লিক হওয়ার ঝুঁকি থাকে অনেক বেশি। এই আর্থিং পিনটিই আমাদের অজান্তে মারাত্মক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার হাত থেকে সুরক্ষিত রাখতে সবচেয়ে বড় ভূমিকা নেয়।

বিজ্ঞানের নিয়মে প্লাগটি যখন সকেটে ঢোকানো হয়, তখন লম্বা হওয়ার কারণে এই পিনটিই সবার আগে স্পর্শ পায়। ফলে যন্ত্রের ভেতরে যদি কোনো বিদ্যুৎ লিকেজ বা শর্ট সার্কিট থেকে থাকে, তবে তা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায়। এতে করে মূল বিদ্যুৎ প্রবাহ শুরু হওয়ার আগেই লিকেজ কারেন্ট নিরাপদে মাটিতে চলে যাওয়ার পথ পেয়ে যায়। আমরা বেঁচে আই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে।
যদি এই আর্থিং পিনটি অন্য পিনগুলোর সমান লম্বা হতো, তবে ফেজ ও নিউট্রাল পিন আগে সকেটে ঢুকে যেত। সেক্ষেত্রে যন্ত্রে কোনো ত্রুটি থাকলে প্লাগ গোঁজার সঙ্গে সঙ্গেই মারাত্মক শক খাওয়ার আশঙ্কা থাকত। পিনটি লম্বা রাখার মূল উদ্দেশ্যই হলো যন্ত্রে বিদ্যুৎ পৌঁছানোর আগেই যেন সুরক্ষাকবচ বা আর্থিং ব্যবস্থা চালু হয়ে যায়।

এখন প্রশ্ন থাকতে পারে, পিনটি লম্বা করার পাশাপাশি বাকি দুটোর তুলনায় মোটা কেন করা হয়? এর প্রথম কারণ হলো ভুলবশত উল্টো করে প্লাগ ঢোকানো আটকানো, যাতে কোনোভাবেই ফেজ বা নিউট্রাল লাইনে আর্থিংয়ের সংযোগ না ঘটে। এই পিনটি সরু হলে অসাবধানতায় ভুল সকেটে প্লাগ ঢুকে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকত।
আরও পড়ুন-
ছোট্ট এই জিনিসটির পেছনে লুকিয়ে রয়েছে পদার্থবিদ্যার আরও একটি চমৎকার নিয়ম, যা রেজিস্ট্যান্স বা বৈদ্যুতিক রোধের সঙ্গে যুক্ত। বিজ্ঞানের সূত্র অনুযায়ী, কোনো পরিবাহী তার বা ধাতব পিন যত বেশি মোটা হবে, তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের রোধ ততটাই কমে যাবে। রোধ কম হওয়ার সুবিধা হলো, লিক হওয়া বিদ্যুৎ খুব দ্রুত ও সহজে এই মোটা পিন দিয়ে বেরিয়ে যেতে পারে।

মোটা পিনের কারণে বিদ্যুৎ প্রবাহ মসৃণ হয়। ফলে সেখানে অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়ার বা প্লাগ গলে যাওয়ার ঝুঁকি থাকে না। অন্যদিকে মোবাইল চার্জার, ট্রিমার বা টিভির মতো কম ভোল্টের যন্ত্রে শর্ট সার্কিটের ভয় কম থাকে বলে সেগুলোতে সাধারণ ২-পিন প্লাগ ব্যবহার করলেই চলে। কিন্তু ভারী ও ধাতব বডির সরঞ্জামে সুরক্ষার স্বার্থে ৩-পিন প্লাগ একেবারেই বাধ্যতামূলক।
এখন থেকে যখনই কোনো ভারী যন্ত্রের প্লাগ সকেটে গুঁজে দেবেন, তখন এই বড় পিনটির কার্যকারিতার কথা অবশ্যই মাথায় রাখবেন। সামান্য একটু বাড়তি দৈর্ঘ্য আর একটুখানি বেশি প্রস্থই আমাদের দৈনন্দিন জীবনে এক বিরাট ও নিটোল নিরাপত্তার দেয়াল তুলে ধরেছে। তাই প্লাগের এই বিশেষ গঠনটিকে ঘরের বৈদ্যুতিক সুরক্ষায় এক অত্যন্ত আধুনিক ও যুগান্তকারী ইঞ্জিনিয়ারিং বলা যায়।
এনএম




