ঈদ শেষ হয়েছে মাত্র কয়েক দিন। প্রকৃতির মেজাজ এখন অস্থির; সকালে কড়া রোদে গলদঘর্ম অবস্থা, আর বিকেলে হঠাৎ ঝুম বৃষ্টিতে জলমগ্ন পথঘাট। রোদ-বৃষ্টির এই লুকোচুরিতে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় পোশাক নিয়ে। ভারী কাপড়ে গুমোট গরমে অস্বস্তি বাড়ে, আবার খাঁটি সুতি ভিজে গেলে শুকাতে সময় নেয়। তাই এই সময়ে স্বস্তি ও পরিপাটির জন্য কাপড় নির্বাচনে দরকার বাড়তি সচেতনতা।
লিনেন ও মিক্সড কটনে ভরসা
গরমে আরামের জন্য সুতি জনপ্রিয় হলেও বৃষ্টিতে এটি ভিজে ভারী হয়ে যায় এবং সহজে শুকায় না। তাই এই সময়ে লিনেন হতে পারে আদর্শ পছন্দ। এটি বাতাস চলাচল সহজ করে, ঘাম দ্রুত শুষে নেয় এবং ভিজলেও তুলনামূলক দ্রুত শুকায়।

সুতির সঙ্গে সামান্য পলিয়েস্টার বা সিনথেটিক তন্তু মিশিয়ে তৈরি মিক্সড কটনও ভালো বিকল্প। এ ধরনের কাপড় সহজে কুঁচকে যায় না এবং ভিজলেও দীর্ঘ সময় স্যাঁতস্যাঁতে থাকে না। হালকা ‘ভয়েল’ বা পাতলা কটন-ব্লেন্ড কাপড়ও এই আবহাওয়ায় আরামদায়ক।
বিজ্ঞাপন
রঙে থাকুক বুদ্ধিমত্তা
তপ্ত রোদে সাদা, আকাশী বা প্যাস্টেল রং চোখে আরাম দেয়। তবে অনিয়মিত বৃষ্টির কারণে একেবারে হালকা রং এড়িয়ে চলাই ভালো। কাদা-জল লাগলে দাগ স্পষ্ট হয়ে ওঠে। এর বদলে ল্যাভেন্ডার, অলিভ, মেজেন্টা বা প্রিন্টেড মিক্সড রং বেশি ব্যবহারিক।
কর্মক্ষেত্র ও বাইরে যাওয়ার পোশাক
জর্জেট ও শিফন: হালকা, দ্রুত শুকানো এবং কম ভাঁজ পড়ার কারণে এই কাপড়গুলো কর্মক্ষেত্র বা দাওয়াতের জন্য উপযোগী। গরমে স্বস্তির জন্য ঢিলেঢালা কাট বেছে নেওয়া ভালো।
ডেনিমের বদলে গ্যাবার্ডিন বা চিনোস: ভারী ডেনিম ভিজে গেলে অস্বস্তি বাড়ায় এবং ত্বকে জ্বালা বা র্যাশের ঝুঁকি তৈরি করতে পারে। তার বদলে পাতলা গ্যাবার্ডিন বা চিনোস প্যান্ট বেশি আরামদায়ক।

আরও পড়ুন: বর্ষাকালে অফিসের জন্য সেরা পোশাক কোনটি?
ঝটপট কিছু টিপস
- পাতলা শ্রাগ বা কটি রোদ ও বৃষ্টি- দুই ক্ষেত্রেই সুরক্ষা দেয়
- জর্জেট বা শিফনের ওড়না ভিজলেও সহজে বহন করা যায়
- ঢিলেঢালা বা ‘ওভারসাইজড’ কাট গুমোট গরমে বেশি আরামদায়ক
প্রকৃতির মেজাজ যেমনই হোক, সঠিক কাপড় নির্বাচনই এনে দিতে পারে সারাদিনের স্বস্তি ও আত্মবিশ্বাস। রোদ-বৃষ্টির এই অনিশ্চিত সময়ে লিনেন, মিক্সড কটন কিংবা হালকা ব্লেন্ড কাপড়ই হতে পারে আপনার স্মার্ট স্টাইলের ভরসা।

