কোরবানির ঈদে গরু ও খাসির মাংস খাওয়া হয় বেশি। এসব মাংস খেতে খেতে হয়তো কারো কারো মুখে অরুচি আছে। তাই স্বাদ বদলাতে কিংবা অতিথি আপ্যায়নে ভিন্ন স্বাদের কিছু রাঁধতে পারেন। এমনই একটি পদ পেশোয়ারি চিকেন। চাইলে সহজেই বানিয়ে খেতে পারেন এই পদটি। জানুন পেশেয়ারি চিকেন তৈরির সহজ রেসিপি।
পেশোয়ারি চিকেন নতুন কোনো পদ নয়। ভারতবর্ষে বহুকাল থেকেই খাওয়া হয়। পেশোয়ারী মুরগি রান্না করার নিয়ম ঘি দিয়ে। আগেকার দিনে ঘি ছিল খাঁটি, রোগ বালাইও বিশেষ ছিল না। কিন্তু আজকাল অতিরিক্ত ঘি খাওয়া অনেকেরই বারণ থাকে। এছাড়া খাঁটি ঘি সব সময় মেলে না।
বিজ্ঞাপন
উপকরণ
মুরগির মাংস- ১ কেজি
লবণ- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়- ১ চা চামচ
আদা রসুন বাটা- ১ টেবিল চামচ
সরির্ষার তেল- ৪ টেবিল চামচ
দারচিনি- ছোটো ১ টুকরো
জয়িত্রি- অল্প
লবঙ্গ- ৩-৪টি
ছোটো এলাচ- ৪টি
শাহী জিরা- ১/২ চা চামচ
পেঁয়াজ- ২টি বড় সাইজের, একটা ছোটো সাইজের
রসুন- ২০ কোয়া
কাঁচা মরিচ- ৪টা
আদা- দেড় ইঞ্চি
টমেটো- ২টি
ভাঙা কাজু- এক টেবিল চামচ
দই- ১/৪ কাপ
শাহী গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
ঘি- ১-২ টেবিল চামচ
জায়ফল গুঁড়া- ১/২ চামচ
জয়িত্রীর গুঁড়া- ১/২
চিনি- অল্প
প্রণালি
মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়া এবং আদা-রসুন বাটা ভালো করে মিশিয়ে মাংস ম্যারিনেট করে নিন। ১৫ মিনিট ম্যারিনেশন করুন। বড় দুটি পেঁয়াজ লম্বালম্বি ঝিরিঝিরি করে কেটে নিন। ছোটো পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিন। চৌকো করে টমেটো কাটুন।
বিজ্ঞাপন
কাজু বাদাম এবং দই একসঙ্গে মিহি করে পেস্ট করে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে দারচিনি, জয়িত্রি, লবঙ্গ, ছোটো এলাচ, শাহী জিরা ফোঁড়ন দিন। এলাচ ফাটিয়ে নেবেন।
ফোঁড়নের সুগন্ধ উঠলে তাতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ লাল করে ভাজতে হবে। কিন্তু পুড়বে না। পেঁয়াজ লাল হলে তাতে আগে থেকে করে রাখা পেঁয়াজ আর আদা-রসুনের বাটা দিয়ে কষাতে থাকুন।
ভালো করে ভাজতে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে তাতে চিকেনের টুকরা দিয়ে ভালো করে কষাতে থাকুন।
মিনিট দশেক কষানোর পরে তাতে প্রয়োজন হলে একটু লবণ দিতে পারেন। চাইলে একটু চিনিও দিয়ে দিতে পারেন।
অল্প আঁচে ঢাকা দিয়ে মাংস সিদ্ধ করতে দিন। এতে পানি দেবেন না। আসলে পেশোয়ারী চিকেনে পানি দেওয়ার নিয়ম নেই। একান্তই যদি মশলা কড়াইয়ে লেগে যায় তাহলে সামান্য গরম পানি দিতে পারেন। চিকেন যেন আশি শতাংশ সেদ্ধ হয়ে যায়।
এবার অপর একটি পাত্র গরম করে তাতে এক কিংবা দুই টেবিল চামচ ঘি গরম করুন। তাতে শাহী গরম মশলা গুঁড়া, জায়ফল গুঁড়া এবং জয়িত্রীর গুঁড়া দিয়ে নাড়াচাড়া করুন। মশলা যেন পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন।
এবার এতে দিয়ে দিন দই ও কাজুর পেস্ট। ভালো করে কষাতে থাকুন। এরপর এতে মাংস দিয়ে ফের কষান। দইয়ের মিশ্রণ যেন মাংসে পুরোপুরি মিশে যায়। পেশোয়ারী চিকেন একেবারে কষা হয়। তবে ঝোল চাইলে এতে সামান্য গরম পানি দিয়ে একটু ফুটিয়ে নিন।
ভাত, পোলাও, নান, রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সবকিছুর সঙ্গেই পেশোয়ারী চিকেন দারুণ জমে যায়। গরম গরম এগুলোর সঙ্গে পরিবেশন করুন।
এজেড




