রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ওয়াসিমসহ ৬ হত্যা: হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

ওয়াসিমসহ ৬ হত্যা: হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু
আসামিদের মধ্যে আওয়ামী লীগের আলোচিত কয়েকজন নেতা। ছবি কোলাজ: ঢাকা মেইল

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার মামলায় ২২ আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

রোববার (১৫ নভেম্বর) চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরে মামলার প্রথম সাক্ষী হিসেবে হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী আনিছ আহমেদের জবানবন্দি গ্রহণ শুরু হয়।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এদিন সকালে মামলায় গ্রেফতার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

মামলার বাকি ১৭ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন।

অন্য পলাতক আসামিরা হলেন রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

গত ৫ এপ্রিল ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। দুই দিন পর ৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ অভিযোগে উল্লেখ করা তিনটি সুনির্দিষ্ট বিষয় আমলে নেন। পরে ৩০ জুন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।

আরও পড়ুন

হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তে মন্ত্রণালয়কে চিঠি দেবে প্রসিকিউশন

বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ নেই সালমান-আনিসুল ও জিয়াউলের

তবে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মামলায় গ্রেফতার পাঁচ আসামি। এ আবেদনের কারণে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের কার্যক্রম পিছিয়ে যায়। ২১ সেপ্টেম্বর আবেদনের ওপর প্রথম দফা শুনানি হয়। এরপর ৮ ও ১৩ অক্টোবর আরও দুই দফা শুনানি শেষে ১৯ অক্টোবর আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১৫ নভেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়।

মামলার অভিযোগে তিনটি ঘটনায় হত্যাকাণ্ড ও আহত হওয়ার বিবরণ তুলে ধরেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার ঘটনা তুলে ধরা হয়েছে।

অভিযোগগুলোর ভিত্তিতে ২২ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হলো।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর