বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

তথ্য গোপন করে বারবার জামিন আবেদন, ৩ আইনজীবীসহ ১১ জনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

তথ্য গোপন করে বারবার জামিন আবেদন, ৩ আইনজীবীসহ ১১ জনকে শোকজ
হাইকোর্ট।

রাজধানীর মুগদা থানার একটি হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার হাইকোর্টে জামিন আবেদন করার ঘটনায় তিন আইনজীবী, পাঁচ আসামি ও তিন তদবিরকারকসহ ১১ জনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে ওই তিন আইনজীবীকে আগামী ১৫ দিন হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এ সংক্রান্ত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাঁচ আসামি কোনো আদালতে জামিন আবেদন করতে পারবেন না বলেও আদেশে বলা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল ইমদাদুল হানিফ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

পেশা পরিচালনায় সাময়িক নিষেধাজ্ঞাপ্রাপ্ত তিন আইনজীবী হলেন— আন্না খানম, এস এম আব্দুল বাতেন সাকিল ও রহিম উদ্দিন।

ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে সহকারী অ্যাটর্নি জেনারেল ইমদাদুল হানিফ জানান, মুগদা থানার সাইফুল হত্যা মামলায় নিম্ন আদালতের একটি জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একই সঙ্গে তিনটি পৃথক আবেদন করা হয়েছিল। আবেদনগুলো কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতে ঘুরছিল।

গত রোববার একটি মামলার শুনানিকালে বিষয়টি আদালতের নজরে এলে বেঞ্চ তিনটি আবেদনই একত্র করে শুনানির জন্য বুধবার কার্যতালিকার ১ নম্বরে রাখে।

ইমদাদুল হানিফ বলেন, ‘আজ তিনটি মামলার একত্র শুনানি শেষে দেখা যায়, মোট পাঁচজন আসামির জামিন চাওয়া হয়েছে এবং যে নামঞ্জুর আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আসা হয়েছে, সেটি একই আদেশ। অথচ তথ্য গোপন করে তিনজন পৃথক আইনজীবীর মাধ্যমে তিনটি আলাদা ফাইল করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইন অনুযায়ী একই আদেশের বিপরীতে একাধিক আবেদন করার কোনো সুযোগ নেই। আদালত বিষয়টিকে পেশাগত অসদাচরণ ও বিচারপ্রক্রিয়ার সঙ্গে গুরুতর প্রতারণা হিসেবে দেখেছেন। আদালত স্বপ্রণোদিত রুল জারি করে অভিযুক্ত ১১ জনকে আগামী ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।’

পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতকে ওই আসামিদের জামিন সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ না করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

আরএনবি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর