আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ মন্তব্য করে আদালত অবমাননার মুখে পড়া আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী ২৩ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।
অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের আদেশের পর ফুয়াদের আইনজীবী জুবায়ের আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, গত ২৯ অক্টোবর থেকে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন আসাদুজ্জামান ফুয়াদ। পরে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
আইনজীবী বলেন, শারীরিক অসুস্থতার কারণে ফুয়াদ সশরীরে উপস্থিত হতে না পারায় ট্রাইব্যুনালের কাছে ৩০ দিনের সময় চেয়ে আবেদন করা হয়েছিল। ট্রাইব্যুনাল আবেদন বিবেচনা করে ২৩ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দাখিল করবেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল।
সেদিন আদেশের বিষয়টি জানিয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেছিলেন, একটি মতবিনিময় সভায় ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে ফুয়াদ বলেছিলেন, এখানে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে। বিষয়টি নজরে এলে আদালত অবমাননার নোটিশ জারি করে তাঁকে তলব করা হয়।
গত ২৮ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বছর পেরিয়ে জুলাই সনদ: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভায় ওই মন্তব্য করেন আসাদুজ্জামান ফুয়াদ।
সেখানে তিনি বলেছিলেন, আইসিটির কোনো বিচারের নামও এখন পাওয়া যাবে না। এই সরকার আসার পরে, চিফ প্রসিকিউটর পরিবর্তন হওয়ার পরে যারা গ্রেফতার আছেন, তাঁদের কারও বিচার এগোয় না। ফাঁসি হয় পলাতক ব্যক্তির মামলায়। এখানে লেনদেন হচ্ছে, কোটিতে কোটিতে লেনদেন হচ্ছে, বস্তা ভরে ভরে লেনদেন হচ্ছে।
আরএনবি/এআর




