সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের জামিন হাইকোর্টে খারিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের জামিন খারিজ
মো. মাজেদুল হক হেলাল। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মাজেদুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মিন্টু কুমার মন্ডল।

মামলার নথি থেকে জানা যায়, শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি নরসিংদী থেকে উদ্ধার করা হয়। ফরেনসিক ও মাইক্রো-অ্যানালাইসিস পরীক্ষায় দেখা যায়, ওই পিস্তল থেকেই গুলি ছোড়া হয়েছিল। তদন্তে বেরিয়ে আসে, পিস্তলটি চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোম্পানির কাছে বিক্রি করা হয়েছিল। প্রতিষ্ঠানটির মালিক আসামি মাজেদুল হক হেলাল।

অনুসন্ধানে দেখা যায়, মাজেদুলের প্রতিষ্ঠানের লাইসেন্স ২০১৪ সালের পর আর নবায়ন করা হয়নি।

গত ১৫ এপ্রিল চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে মাজেদুলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর ১৮ এপ্রিল তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলেও মামলার বাদী তাতে নারাজি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র সরবরাহে সংশ্লিষ্টতার অভিযোগে মাজেদুল জামিন চাইলেও উচ্চ আদালত তা নামঞ্জুর করেন।

আরএনবি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর