সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদে দারিদ্র্য বাড়বে’

মাহফুজুর রহমান
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

‘বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদে দারিদ্র্য বাড়বে’

ঢাকার বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদে অভিযান চালাচ্ছে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসন। নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। তবে হকারদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, ফুটপাতকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে বিপুল মানুষের জীবিকা। অন্যদিকে, স্বল্প আয়ের মানুষের জন্য এসব দোকান সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার অন্যতম ভরসা। ফলে হকার উচ্ছেদের প্রভাব শুধু বিক্রেতাদের জীবিকায় নয়, নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায়ও পড়তে পারে। হকার উচ্ছেদের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব, নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা এবং এ সংকটের সম্ভাব্য সমাধান নিয়ে ঢাকা মেইলের সঙ্গে কথা বলেছেন ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. রাজিয়া মাহবুবা আক্তার। সাক্ষাৎকার নিয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক মাহফুজুর রহমান।

ঢাকা মেইল: রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হচ্ছে। নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে এ উদ্যোগ কতটা প্রয়োজনীয় বলে মনে করেন?

ড. রাজিয়া মাহবুবা আক্তার: প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ফুটপাত থেকে হকারদের সরিয়ে দিলে ইতিবাচক কিছু প্রভাব অবশ্যই পড়বে। ফুটপাত পরিষ্কার হবে, নগরের সৌন্দর্য বাড়বে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে। বর্তমানে অনেক জায়গায় ফুটপাত দিয়ে চলাচল করা কঠিন। ফলে মানুষ বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটে। এতে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়। হকার উচ্ছেদের ফলে যানজট ও মানুষের সময়ের অপচয় কমতে পারে। মানুষ দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে। তবে এর পাশাপাশি নেতিবাচক দিকগুলোও বিবেচনায় নিতে হবে।

ঢাকা মেইল: বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ উচ্ছেদ করলে অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে?

ড. রাজিয়া মাহবুবা আক্তার: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখানে নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে ঢাকায় বিপুলসংখ্যক মানুষ গ্রাম থেকে জীবিকার সন্ধানে আসেন। গ্রামে কাজের সুযোগ না থাকায় তারা সামান্য পুঁজি সংগ্রহ করে ফুটপাতে বসে ক্ষুদ্র ব্যবসা শুরু করেন। এ ব্যবসার ওপর তাদের পরিবারের জীবিকা নির্ভর করে। এখন তাদের হঠাৎ উচ্ছেদ করা হলে কর্মসংস্থান বন্ধ হয়ে যেতে পারে। তাদের আয় অনিশ্চিত হয়ে পড়বে, দারিদ্র্য বাড়তে পারে। অনেকের কোনো সঞ্চয় নেই যে অন্য কোথাও গিয়ে নতুন করে ব্যবসা শুরু করবেন। ফলে তারা বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বেন।

ঢাকা মেইল: হকার উচ্ছেদের প্রভাব কি শুধু বিক্রেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে?

ড. রাজিয়া মাহবুবা আক্তার: না, এর প্রভাব ক্রেতাদের ওপরও পড়বে। ফুটপাতের দোকান থেকে শুধু নিম্ন আয়ের মানুষ কেনাকাটা করেন না, মধ্যবিত্তরাও এসব দোকানের নিয়মিত ক্রেতা। কারণ, এখানে তুলনামূলক কম দামে পণ্য পাওয়া যায়। একটি শোরুমে যে পণ্য ২০০ টাকায় বিক্রি হয়, ফুটপাতে সেটি হয়তো ২০ বা ৫০ টাকায় পাওয়া যায়। ফলে নিম্ন আয়ের মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে পারেন। আমি নিজেও দেখেছি, আমার বাসায় যারা কাজ করেন, তারা ফুটপাতের দোকান থেকে কম দামে জিনিস কেনেন। দোকানগুলো উচ্ছেদ হয়ে যাওয়ায় তারা প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন না বলে জানিয়েছেন। অর্থাৎ হকার উচ্ছেদের ফলে একদিকে বিক্রেতাদের আয় বন্ধ হচ্ছে, অন্যদিকে স্বল্প আয়ের ক্রেতারাও সাশ্রয়ী বাজারের সুযোগ হারাচ্ছেন।

ঢাকা মেইল: ফুটপাত দখলমুক্ত রেখে হকারদের ব্যবসার সুযোগ নিশ্চিত করতে কী ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে?

ড. রাজিয়া মাহবুবা আক্তার: হকারদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। বিদেশের বিভিন্ন দেশে আমি প্রায় ৪২টি দেশ ভ্রমণের সুযোগ পেয়েছি। সেখানে দেখেছি, ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হলিডে মার্কেটের ব্যবস্থা রয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে নির্দিষ্ট কিছু সড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে হকাররা ব্যবসা করেন। সাধারণ মানুষও জানেন, ওই দিন ওই এলাকায় হলিডে মার্কেট বসবে। ফলে মধ্যবিত্ত ও উচ্চবিত্তরাও সেখানে কেনাকাটা করতে যান। কারণ, তুলনামূলক কম দামে ভালো পণ্য পাওয়া যায়।আবার কিছু দেশে রাতের বাজারের ব্যবস্থা রয়েছে। সেখানকার সাধারণ শপিং মলগুলো সন্ধ্যা সাতটার দিকে বন্ধ হয়ে যায়। এরপর রাত আটটার পর নির্দিষ্ট কিছু সড়কে হকারদের ব্যবসার সুযোগ দেওয়া হয়। রাত ১১টা পর্যন্ত তারা সেখানে ব্যবসা করতে পারেন। ঢাকাতেও এ ধরনের সময়ভিত্তিক বাজার চালু করা সম্ভব। এতে দিনের বেলায় ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে, আবার নির্দিষ্ট সময়ে হকাররাও ব্যবসা করার সুযোগ পাবেন।

ঢাকা মেইল: বাংলাদেশেও কি এ ধরনের হলিডে মার্কেটের উদাহরণ রয়েছে?

ড. রাজিয়া মাহবুবা আক্তার: একসময় আগারগাঁও এলাকায় একটি হলিডে মার্কেট দেখেছিলাম। শুক্রবার ও শনিবার সেখানে বাজার বসত। জায়গাটিতে বেশ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। মানুষ সেখানে কেনাকাটা করতেন। তবে বর্তমানে সেটি চালু আছে কি না, তা আমার জানা নেই। সরকার উদ্যোগ নিলে ঢাকার বিভিন্ন এলাকায় এ ধরনের বাজার চালু করা সম্ভব। নির্দিষ্ট জায়গা ও সময় ঠিক করে দিলে হকাররা সেখানে ব্যবসা করতে পারবেন। এতে তাদের জীবিকার ব্যবস্থা হবে, নিম্ন আয়ের মানুষ কম দামে পণ্য পাবেন এবং ফুটপাতও দখলমুক্ত রাখা সম্ভব হবে।

ঢাকা মেইল: হকারদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দের ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে?

ড. রাজিয়া মাহবুবা আক্তার: নির্দিষ্ট এলাকায় হকার জোন তৈরি করা যেতে পারে। ফুটপাতের পরিবর্তে স্থায়ী হকার মার্কেট বা নির্দিষ্ট জায়গায় ছোট ছোট স্টল বরাদ্দ দেওয়া যেতে পারে। শহরের বিভিন্ন এলাকায় যেসব সরকারি জায়গা খালি পড়ে আছে, সেগুলোও পরিকল্পিতভাবে ব্যবহার করা যায়। পাশাপাশি সময়ভিত্তিক ব্যবসার সুযোগ তৈরি করা যেতে পারে। যেমন, সকালে নির্দিষ্ট সময় অথবা সন্ধ্যার পর মার্কেট বন্ধ হলে নির্দিষ্ট এলাকায় হকারদের ব্যবসা করার অনুমতি দেওয়া যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের ব্যবসার একটি বৈধ স্বীকৃতি দিতে হবে।

ঢাকা মেইল: হকারদের ব্যবসার বৈধতা নিশ্চিত করতে কী করা প্রয়োজন বলে মনে করেন?

ড. রাজিয়া মাহবুবা আক্তার: তাদের জন্য স্বল্পমূল্যে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। একজন ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে বেশি টাকা খরচ করে লাইসেন্স নেওয়া সম্ভব নয়। তাই তাদের সামর্থ্য অনুযায়ী লাইসেন্সের ব্যবস্থা করতে হবে, যাতে তারা আইনগতভাবে ব্যবসা করতে পারেন। পাশাপাশি ব্যবসায়িক নিবন্ধন ও ডিজিটাল পেমেন্টের সুযোগ তৈরি করা যেতে পারে। এখন বিকাশসহ বিভিন্ন ডিজিটাল লেনদেনের মাধ্যম রয়েছে। হকারদের এসব ব্যবস্থার আওতায় আনা গেলে তাদের নিরাপত্তা বাড়বে। অনেক সময় ব্যবসার টাকা ছিনতাই হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লেনদেন হলে নগদ টাকা বহনের ঝুঁকিও কমবে।

ঢাকা মেইল: যারা ইতোমধ্যে উচ্ছেদের কারণে কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা কতটা জরুরি?

ড. রাজিয়া মাহবুবা আক্তার: অবশ্যই জরুরি। তবে আমাদের দেশে বেকারের সংখ্যা অনেক বেশি। ফলে সবাইকে নতুন করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া সহজ নয়। সে ক্ষেত্রে যারা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই বেশি কার্যকর হতে পারে। তাদের জন্য নির্দিষ্ট জায়গা, স্বল্পমূল্যের লাইসেন্স এবং সময়ভিত্তিক বাজারের ব্যবস্থা করা গেলে তারা নিজেরাই উপার্জন করতে পারবেন।

ঢাকা মেইল: দীর্ঘদিন কর্মসংস্থানের সুযোগ বন্ধ থাকলে হকারদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে কি?

ড. রাজিয়া মাহবুবা আক্তার: অবশ্যই আশঙ্কা রয়েছে। একজন মানুষ যখন খাবারের অনিশ্চয়তায় পড়েন, তখন তার চিন্তাভাবনার জায়গাটাও বদলে যায়। পেটে খাবার না থাকলে তখন আর ভালো-মন্দ বাছাই করার মতো পরিস্থিতি থাকে না। সামনে যা পাওয়া যায়, সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন কেউ কেউ বাধ্য হয়ে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে পারেন। এর জন্য শুধু ওই মানুষটিকে দায়ী করাও ঠিক হবে না। আমরা যদি তাকে পুনর্বাসনের ব্যবস্থা করতে না পারি, কর্মসংস্থানের সুযোগ দিতে না পারি, তাহলে সেই ব্যর্থতার দায়ও আমাদের নিতে হবে।

আমরা রাস্তায় ছোট ছোট শিশুদের দেখি, কেউ ফুল বিক্রি করে, কেউ কলম, কেউ তোয়ালে বা অন্যান্য জিনিস বিক্রি করে। অনেক শিশুর সঙ্গে কথা বললে বোঝা যায়, তাদের জীবনে কতটা অভাব ও অনিশ্চয়তা রয়েছে। এমনকি মাদক গ্রহণের পেছনেও ক্ষুধা ও বাস্তব জীবনের অসহায়ত্বের মতো কারণ কাজ করতে পারে। এসব শিশুর স্কুলে যাওয়ার কথা, অথচ তারা জীবিকার জন্য রাস্তায় ঘুরছে। তাই মানুষের অসহায়ত্ব না বুঝে শুধু তিরস্কার বা উচ্ছেদ করে সমস্যার সমাধান সম্ভব নয়।

ঢাকা মেইল: হকার সমস্যার স্থায়ী সমাধানে সরকারের প্রতি আপনার পরামর্শ কী?

ড. রাজিয়া মাহবুবা আক্তার: আমার মতে, হঠাৎ করে উচ্ছেদ না করে পরিকল্পিত ব্যবস্থা নিতে হবে। নির্দিষ্ট এলাকায় হকার জোন তৈরি করতে হবে, হলিডে মার্কেট চালু করতে হবে, সময়ভিত্তিক ব্যবসার সুযোগ দিতে হবে। পাশাপাশি স্বল্পমূল্যে লাইসেন্স, নির্দিষ্ট স্টল বরাদ্দ এবং ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করতে হবে। যারা ব্যবসা করছেন, তাদের একটি আইনগত পরিচয় দিতে হবে, যাতে তারা নির্ধারিত জায়গায় নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী করা গেলে কারও ক্ষতি হবে না। হকাররা জীবিকা অর্জন করতে পারবেন, নিম্ন আয়ের মানুষ কম দামে পণ্য কিনতে পারবেন এবং সাধারণ মানুষও নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারবেন। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে শুধু উচ্ছেদ অভিযান চালালে সমস্যার স্থায়ী সমাধান হবে না। বরং কিছুদিন পর হকাররা আবারও লুকিয়ে ফুটপাতে বসবেন। তখন উচ্ছেদ ও পুনরায় বসার একটি চক্র চলতেই থাকবে। তাই বিষয়টিকে শুধু আইনশৃঙ্খলা বা ফুটপাত দখলের সমস্যা হিসেবে না দেখে অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার আলোকে বিবেচনা করতে হবে।

এম/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর