শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইসরায়েল-সৌদি-লেবাননে শক্তিশালী বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

ইসরায়েল-সৌদি-লেবাননে শক্তিশালী বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র

ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে মার্কিন সেনাদের সুরক্ষায় ইসরায়েল, সৌদি আরব ও লেবাননে ১৭টি সুরক্ষিত বাংকার নির্মাণের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ জন্য জরুরি ভিত্তিতে নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান খুঁজছে মার্কিন সেনাবাহিনী।

মার্কিন সামরিকবিষয়ক সংবাদমাধ্যম ‘আর্মি টাইমস’ এক প্রতিবেদনে জানিয়েছে, পরিকল্পনা অনুসারে ইসরায়েলে ১০টি, সৌদি আরবে পাঁচটি এবং লেবাননে দুটি বাংকার নির্মাণ করা হবে। পাঁচটি সামরিক স্থাপনায় এসব বাংকার তৈরি করা হবে।

সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর প্রকাশিত দরপত্রসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন সামরিক স্থাপনায় সেনাদের সুরক্ষার জন্য রূপান্তরিত পণ্যবাহী কনটেইনার ব্যবহার করা হচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় এসব অস্থায়ী আশ্রয়কেন্দ্রের পরিবর্তে শক্তিশালী কংক্রিটের বাংকার নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

বিজ্ঞপ্তির বরাতে আর্মি টাইমস জানিয়েছে, প্রতিটি বাংকারে থাকবে প্রিকাস্ট বা আগে থেকে তৈরি করা শক্তিশালী কংক্রিটের তিনটি অংশ, স্টিলের প্রবেশপথ এবং বিস্ফোরণ ও গোলার আঘাত থেকে সুরক্ষার জন্য বিশেষ কংক্রিটের আবরণ। পাশাপাশি বাংকারের দেয়াল ও ছাদে বালুর বস্তা ব্যবহার করা হবে। ছাদের ওপর অন্তত ১৮ ইঞ্চি পুরু সুরক্ষাব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে চায়। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের পর ৪৫ দিনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ নভেম্বরের মধ্যে নিজেদের সক্ষমতার বিবরণ জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এসব হামলায় অন্তত ২৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন বলে স্বীকার করেছে পেন্টাগন। 

আর্মি টাইমস জানিয়েছে, গত মার্চ মাসে কুয়েতের শুয়াইবা বন্দরে মার্কিন সেনাবাহিনীর একটি কমান্ড পোস্টে ড্রোন হামলায় ছয়জন সেনাসদস্য নিহত হন, যা একটি ইরানি হামলায় সর্বোচ্চ প্রাণহানি। ওই হামলার পর মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। 

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালনরত মার্কিন ও মিত্রবাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তবে বাংকার নির্মাণের জন্য নির্ধারিত সামরিক ঘাঁটিগুলোর সুনির্দিষ্ট নাম ও অবস্থান প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ মিত্রদেশে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে সামরিক নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগেরই প্রতিফলন। একই সঙ্গে ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে ওই অঞ্চলে মার্কিন সেনাদের নিরাপত্তা আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সূত্র: আর্মি টাইমস, জেরুজালেম পোস্ট

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর