বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

সৌদিতে ৮০ তলা ‘পিআইএফ’ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা হুথির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

শেয়ার করুন:

সৌদিতে ৮০ তলা ‘পিআইএফ’ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা হুথির

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ৮০ তলা বিশিষ্ট পিআইএফ টাওয়ার লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ হামলায় ভবনটির বেশ কয়েকটি তলার জানালা ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত সৌদি সার্বভৌম সম্পদ তহবিল- পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দফতর এই ভবনটিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে ভবনটির সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে। ভবনটির বাইরের ধাতব কাঠামোরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হামলার পর নিরাপত্তার কারণে পুরো এলাকার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং লোকজনকে সরিয়ে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি দাবি করেছেন, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করা হয়েছে। প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে পিআইএফ টাওয়ারসহ বিভিন্ন স্থাপনা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে এই হামলার বিষয়ে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 

এর আগে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর আর্থিক এলাকায় ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করেছিলেন। 

প্রসঙ্গত, পিআইএফ টাওয়ার প্রায় ৩৮৫ মিটার উঁচু ভবনটি রিয়াদের অন্যতম পরিচিত স্থাপনা। সৌদি আরবের অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বের করে আনার পরিকল্পনায় পিআইএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনাধীন সম্পদের পরিমাণ ৯০০ বিলিয়ন ডলারের বেশি।

এদিকে চলতি মাসের ৮ নভেম্বরও রিয়াদের একই আর্থিক এলাকায় সৌদি আরামকোর একটি ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি আর্থিক স্থাপনায় হামলার ঘটনা ঘটল। 

সূত্র: রয়টার্স

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর