ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে মার্কিন সামরিক অভিযান পরিচালনায় সহযোগিতার অভিযোগ তুলে বাহরাইনসহ উপসাগরীয় কয়েকটি দেশকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ইরান।
শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে ইরানের প্রতিনিধি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠী নতুন করে কোনো আগ্রাসী যুদ্ধ শুরু করলে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই তার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।’
ইরানের ওই প্রতিনিধি বলেন, যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, পাল্টা জবাবের লক্ষ্যবস্তু হবে হামলার মূল উৎস। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর কোনো হামলা চালানো হবে না-এমন নিশ্চয়তা দেওয়ার দাবি জানান তিনি।
ইরানের প্রতিনিধি অভিযোগ করেন, উপসাগরীয় কয়েকটি দেশ তাদের ভূখণ্ড, আকাশসীমা ও সামরিক স্থাপনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কাজে ব্যবহারের সুযোগ দিচ্ছে। এ জন্য এসব দেশকে দায়বদ্ধ করতে হবে এবং হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে।
পরবর্তী সময়ে বাহরাইনের প্রতিনিধির সঙ্গে বিতর্কে ইরানের প্রতিনিধি বিশেষভাবে দেশটির নাম উল্লেখ করেন। তিনি বলেন, বাহরাইন তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনায় সহযোগিতা করেছে।
তবে ইরানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাহরাইন। দেশটি বলেছে, আত্মরক্ষার অধিকারের কথা বলে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার বৈধতা দিতে পারে না তেহরান।
বাহরাইনের প্রতিনিধি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নেরও আহ্বান জানান। ওই প্রস্তাবে উপসাগরীয় দেশগুলো ও জর্ডানের ওপর ইরানের হামলার নিন্দা জানানো হয়েছিল।
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি দেশটির শীর্ষ পর্যায়ের নেতারাও লক্ষ্যবস্তু হন। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। উপসাগরীয় কয়েকটি দেশেও হামলার ঘটনা ঘটে।
প্রায় দেড় মাসের সংঘাতের পর ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পরবর্তী সময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ে সমঝোতা হয়। তবে সমঝোতা বেশিদিন স্থায়ী হয়নি। জুলাইয়ে আবার সংঘাত শুরু হয়।
এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বিরোধ এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। ফলে সংঘাতের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়ে।
সাম্প্রতিক সময়ে কাতার, পাকিস্তানসহ কয়েকটি দেশ যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তবে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো রয়েছে। সূত্র: আল জাজিরা।
এমআর




