ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সরাসরি বৈঠকের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জ্যেষ্ঠ সহযোগী ও বিদেশি নেতাদের জানিয়েছেন, ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে তিনি আগ্রহী। এ ক্ষেত্রে ভ্যান্সকে আলোচনার দায়িত্ব দেওয়ার বিষয়েও সম্মতি দিয়েছেন তিনি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত অক্টোবরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়িকে চিঠি পাঠিয়ে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন ভ্যান্স। তবে এখন পর্যন্ত বৈঠকের কোনো তারিখ চূড়ান্ত হয়নি। সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে কাতারের রাজধানী দোহাকে বিবেচনা করা হচ্ছে।
তবে দুই দেশের মধ্যে সরাসরি বৈঠকের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের দেওয়া কয়েকটি শর্ত।
তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে আগে তাদের দাবি মেনে নিতে হবে। এসব দাবির মধ্যে রয়েছে— ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ও অর্থ ছাড়, ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা শিথিল, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, ভবিষ্যতে ইরানে হামলা না করার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতি।
ইরানের পক্ষ থেকে এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানানো হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের দাবিগুলোকে ‘অবাস্তব’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তেহরান তার অবস্থান পরিবর্তন করলে ওয়াশিংটন কূটনীতির জন্য প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। এছাড়াও দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়িও আলোচনার খবরকে অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, বর্তমানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগ চলছে। এরআগে গত এপ্রিলের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের মধ্যে পরোক্ষ বৈঠক হয়। ৪৭ বছরের মধ্যে এটিই ছিল দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।
সূত্র: টাইমস অব ইসরায়েল, গালফ নিউজ
এমএইচআর




