ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানে থাকা অপর ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন।
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মেহর্ত-এ-মোজেল অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল ফরাসি বিমান ও মহাকাশ বাহিনীর মিরাজ ২০০০ডি মডেলের যুদ্ধবিমান।
বিবৃতিতে বলা হয়, দুই আসন বিশিষ্ট্য যুদ্ধবিমানটি ন্যান্সি-ওশে বিমানঘাঁটি থেকে উদয়ন করে। প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফেরার পথে বিমানটি দোমেভ্র-অঁ-হে এবং ত্রঁবলেকুর গ্রামের মধ্যবর্তী রোজেভিল এলাকার কাছে বিধ্বস্ত হয়।
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানটিতে দুজন সামরিক সদস্য ছিলেন—একজন যুদ্ধবিমানের পাইলট এবং অন্যজন নেভিগেশন ও অস্ত্রব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তা।
কাছাকাছি অবস্থিত পঁ-আ-মুসোঁ মেয়র অঁরি লিমোয়েন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ, দমকলকর্মী ও সামরিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। দ্বিতীয় ক্রু সদস্যকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে নিরাপত্তা তদন্তের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বিমানের কারিগরি ত্রুটি, দুর্ঘটনার আগে এর উড্ডয়ন পরিস্থিতি এবং অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, মিরাজ ২০০০ডি ফ্রান্সের বিমানবাহিনীর দুই আসনবিশিষ্ট যুদ্ধবিমান। এটি মূলত স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং দিন ও রাতে বিভিন্ন সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্য তৈরি।
সূত্র: রয়টার্স
এমএইচআর




