মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ধ্বংসের দাবি সৌদির 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ধ্বংসের দাবি সৌদির 

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদির সামরিক বাহিনী। 

মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, হুথি গোষ্ঠীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি রিয়াদের দিকে যাচ্ছিল। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রিয়াদে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করে। 

ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা রিয়াদে জোড়া বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। 

তবে ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট উৎক্ষেপণস্থল, প্রতিহত করার স্থান, ধ্বংসাবশেষের অবস্থান কিংবা হামলায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সৌদি আরব ও ইয়েমেনকে ঘিরে সামরিক উত্তেজনা বেড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের বিমানবন্দর, সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলার দাবি করেছে হুথিরা।

এর আগে গত ১৪ অক্টোবর সৌদি নেতৃত্বাধীন জোট রিয়াদমুখী আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল। ওই ঘটনায় রিয়াদ ও নিকটবর্তী আল-খারজ এলাকায় সতর্কতা জারি করা হয়। 

সূত্র: আলজাজিরা, সৌদি প্রেস এজেন্সি

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর