মক্কা প্রতিরক্ষা চুক্তির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ও সৌদি আরব। ইসলামাবাদে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. রাজেহ তামি আলবুগামি এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সন্তুষ্টির কথা জানানো হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৯ অক্টোবর) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিবৃতি বলা হয়, বৈঠকে উভয় পক্ষ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সম্পর্ক এবং কৌশলগত সমন্বয় আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারা।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। তবে আলোচনায় নির্দিষ্ট কোনো সামরিক পরিকল্পনা, যৌথ অভিযানের সিদ্ধান্ত কিংবা নতুন প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সাক্ষাৎকালে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান আসিম মুনির সৌদি রাষ্ট্রদূতকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তানে রাষ্ট্রদূত হিসেবে আলবুগামির দায়িত্ব পালন দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পারস্পরিক বিশ্বাস, অভিন্ন ধর্মীয় মূল্যবোধ এবং কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের সম্পর্ক ভবিষ্যতেও আরও গভীর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পাকিস্তান ও সৌদি আরব দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা, নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বজায় রেখে আসছে। সাম্প্রতিক বৈঠকে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অগ্রগতির বিষয়টি গুরুত্ব পাওয়ায় দুই দেশের সামরিক সম্পর্কের ধারাবাহিকতা আবারও সামনে এসেছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতিতে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ এবং কৌশলগত সমন্বয় জোরদার করার বিষয়ে উভয় পক্ষের আগ্রহের কথা বিবৃতিতে তুলে ধরা হয়েছে।
সূত্র: ডন
এমএইচআর




