ইউক্রেনে রাশিয়ার আগ্রাসী হামলায় অন্তত আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার নয়টি অঞ্চলে চালানো এসব নারকীয় হামলায় দুটি শপিং সেন্টারসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ১০ লক্ষাধিক মানুষ।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা জোরদার করার অংশ হিসেবে খারকিভ, ক্রামাতোরস্ক, ভোলিন ও রিভনে অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া।
খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, পূর্বাঞ্চলীয় শহরটির তিনটি জেলায় হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১২ জন। দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে দুজন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন।
পোল্যান্ড সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর রোমান রোমানিউক।
কিয়েভ থেকে পোল্যান্ডগামী প্রধান সড়কের ওপর অবস্থিত কোভেল শহরে একটি কাস্টমস টার্মিনালে ড্রোন আঘাত হানে। এতে প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়।
রিভনের গভর্নর ওলেক্সান্দ্র কোভাল জানান, শহরটিতে ড্রোন হামলায় একটি বড় শপিং সেন্টারসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। সম্মুখসারির কাছাকাছি সুমি শহরের একটি শপিং সেন্টারেও হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বিদ্যুৎহীন হয়ে পড়া ১০ লাখের বেশি মানুষের কাছে মেরামতকারী দলগুলো পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করেছে।
ভোলিন অঞ্চলে প্রায় ৩ লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। এর মধ্যে অন্তত এক লাখ পরিবারের বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। আঞ্চলিক রাজধানী লুটস্কে বিদ্যুৎ বিভ্রাট অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মেয়র আন্দ্রি রাজুমোভস্কি। রিভনের বড় একটি অংশও বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
রাশিয়ার সামরিক প্রধান শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ইউক্রেনের জ্বালানি ব্যবস্থায় বিমান হামলা জোরদার করতে প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ করা হয়েছে।
এদিকে, জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, গত মাসে দেশটিতে অন্তত ৩২৮ জন বেসামরিক নাগরিক নিহত ও ২ হাজার ১০৫ জন আহত হয়েছেন। এ সংখ্যা আগস্টের তুলনায় ৮৫ শতাংশ বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনে ২ হাজার ৫৭০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৫ হাজার ২১১ জন আহত হয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৬০ শতাংশ বেশি এবং ২০২৪ সালের সংখ্যার দ্বিগুণেরও বেশি।
ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেল বলেন, অক্টোবরের প্রথম দুই সপ্তাহ ছিল গত কয়েক বছরের মধ্যে বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সময়গুলোর একটি।
সূত্র: আল জাজিরা
এফএ




