শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

তিন ভারতীয়কে পুড়িয়ে মারার অভিযোগে জার্মানিতে রোমানিয়ার নাগরিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ এএম

শেয়ার করুন:

তিন ভারতীয়কে পুড়িয়ে মারার অভিযোগে জার্মানিতে রোমানিয়ার নাগরিক গ্রেফতার

জার্মানির বোখুম শহরে একটি বাড়িতে আগুনে পুড়ে মারা গেছেন তিন জন ভারতীয় নাগরিক। তিনজনই ভারতের কেরলমের বাসিন্দা। 

একই বাড়িতে থাকেন ৪১ বছরের এক রোমানিয়ান নাগরিক। জার্মান সংবাদমাধ্যম এন-টিভির রিপোর্ট অনুযায়ী, খুনের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বোহকামের এক মুখপাত্রের বক্তব্য, ইচ্ছাকৃত ভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে সন্দেহ পুলিশের।

স্থানীয় সময় গত বুধবার ভোর ৪টা নাগাদ আগুন লাগে বোখুমের পোস্টস্ট্রাসের একটি বহুতল বসতবাড়িতে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। তিনতলার একটি ঘর থেকে উদ্ধার হয় তিনজন ভারতীয় নাগরিকের পোড়া মরদেহ। দগ্ধ হয়েছেন আরও পাঁচজন। তার মধ্যে একজন মলয়ালি ছাত্র। তার অবস্থা গুরুতর।

যান্ত্রিক গোলযোগের কারণে যে এই আগুন লাগেনি, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তদন্তকারীরা। তাদের মতে, প্রথমে একতলায় ইচ্ছাকৃত আগুন লাগানো হয়। 

সেই আগুন ছড়িয়ে পড়ে বাড়িটির মূল কাঠের সিঁড়ি বেয়ে। ধোঁয়ায় ভরে যায় গোটা বাড়িটি। সেই সিঁড়ি দিয়েই বাইরে বেরোনোর পথ। তাই আটকে পড়েছিলেন অনেকেই।

নিহত নোভা সাবু (২৫) ইডুক্কি জেলার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সাব-ইনস্পেক্টর কেপি সাবুর কন্যা। জার্মানিতে জিম প্রশিক্ষকের কাজ করতেন তিনি। 

নিহত অঞ্জলি শীলা জয় (২৫) কোল্লম জেলার বাসিন্দা। তিনি বিএড ডিগ্রি অর্জন করে জুলাই মাসে পাড়ি দিয়েছিলেন জার্মানির উদ্দেশে। সেখানে একটি গুদামে কাজ নিয়েছিলেন।

তার এক আত্মীয়- প্রসন্ন প্রয়াস বলেন, ‘‘অনেক বার সরকারি চাকরির চেষ্টা করেছে। পরীক্ষায় বসেছে। পাস করতে পারেনি। তাই বাইরে চাকরি নিয়ে চলে গিয়েছিল।’’

তার কাকা জনসন বলেন, ‘‘আমরা মঙ্গলবার রাতে ফোন করেছিলাম। ফোন বাজলেও ধরল না। তখনই আমাদের চিন্তা হয়েছিল। সাধারণত এই সময়টা রোজ ওর সঙ্গে কথা হত।’’ 

তিনি আরও জানান, দুবাইয়ের এক বন্ধুর কাছ থেকে পরিবারের সদস্যেরা আগুন লাগার খবর পেয়েছিলেন। পরের দিন সংবাদমাধ্যমে অঞ্জলির নাম শুনে বুঝতে পারেন, তিনি আর নেই।

নিহত আরেক ভারতীয় নাগরিক শিভি জনি (২৬) এরনাকুলমের বাসিন্দা। উচ্চশিক্ষার জন্য মাত্র দু’সপ্তাহ আগে তিনি জার্মানিতে গিয়েছিলেন। তার ভাইও জার্মানিতেই থাকেন। বোন থাকেন আয়ারল্যান্ডে। তার বাড়ির কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।

নিহত তিন ভারতীয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে কোল্লমের এমপি এন কে প্রেমচন্দ্রন জার্মানিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্তকে অনুরোধ জানিয়েছেন।

কেরলমের পর্যটনমন্ত্রী পি সি বিষ্ণুনাথ জানিয়েছেন, সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে এবং তারা ডিপার্টমেন্ট অফ নন-রেসিডেন্ট কেরালাইটস অ্যাফেয়ার্স (প্রবাসী কেরালাবাসী বিষয়ক বিভাগ) ও ভারতীয় দূতাবাসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে।

জার্মানির মলয়ালি সংগঠনগুলোও এ বিষয়ে সাহায্যের প্রস্তাব দিয়েছে। অঞ্জলির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহগুলো দেশে ফিরিয়ে আনার যাবতীয় খরচ বহন করার প্রস্তাব দিয়েছে এই সংগঠনগুলো।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর