ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চালিয়েছে হুথি বিদ্রোহীরা। হামলার সময় দেশটির প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি ও মন্ত্রিসভার সদস্যরা প্রাসাদে অবস্থান করছিলেন। তবে হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি, সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাশিক প্রাসাদের কাছাকাছি অন্তত পাঁচটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছেড়ে চলে যান।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, কয়েকটি বিস্ফোরণ প্রাসাদের নিরাপত্তা ফটকের কাছে ঘটে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী ও সরকারের যেসব সদস্য প্রাসাদে অবস্থান করছিলেন, তারা হামলায় আহত হননি। তবে হামলায় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
এদিকে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুথি বিদ্রোহীরা।
হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ইরান-সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক কার্যক্রমকে লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়েছে।
হুথিদের দাবি, তাদের লক্ষ্য ছিল প্রাসাদের ভেতরে থাকা একটি সামরিক পরিচালনাকেন্দ্র এবং অস্ত্রের গুদাম।
প্রসঙ্গত, ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। অপরদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনসহ দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় নিজেদের কর্তৃত্ব বজায় রেখেছে এবং সৌদি আরবের সমর্থন পেয়ে আসছে।
এদিকে এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে হামলার ঘটনা দেশটির সরকার ও হুথিদের মধ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে সরকার পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা হলে প্রশাসনিক কার্যক্রম ও নিরাপত্তাব্যবস্থা বিঘ্নিত হতে পারে।
সূত্র: আলজাজিরা, এপি
এমএইচআর




