সৌদি আরবের পবিত্র নগরী মদিনার আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।
তবে ক্ষেপণাস্ত্রটি কারা উৎক্ষেপণ করেছে, এর লক্ষ্যবস্তু কী ছিল কিংবা ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সৌদি আরবকে লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। বিশেষ করে দেশটির বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোতে ইরান সমর্থিত গোষ্ঠীটি হামলা তীব্র হয়েছে।
এদিকে হুতিরা জানিয়েছে, আজ তারা সৌদি আরবে কোনো হামলা চালায়নি।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, ‘আজ সৌদি আরবে কোনো হামলা চালানো হয়নি’।
এরআগেও মদিনার একটি বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ তুলেছিল সৌদি।
সৌদি কর্তৃপক্ষের দাবি, গত ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়। এতে একটি ট্রান্সফরমার অচল হয়ে পড়ে। ওই বিদ্যুৎকেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছিল জোট।
তবে সেই সময়ও মদিনায় হামলার অভিযোগ অস্বীকার করে হুতিরা।
ইরান সমর্থিত গোষ্ঠীটির দাবি, তাদের লক্ষ্য সৌদির সামরিক ও অর্থনৈতিক স্থাপনা, মক্কা-মদিনাসহ কোনো পবিত্র স্থানে হামলা চালাবে না তারা।
সূত্র: আলজাজিরা, আনাদোলু
এমএইচআর




