ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির আগের পুলিশি ধরপাকড় নিয়ে অত্যন্ত তীব্র ক্ষোভ প্রকাস করেছেন অভিনেতা প্রকাশ রাজ।
সামাজিক মাধ্যম কার্টুনিস্ট সতীশ আচার্যের আঁকা একটি ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করে প্রতিবাদ জানান প্রকাশ রাজ। ক্যাপশনে লেখেন, ‘নাগরিকদের অসন্তোষ থেকে আপনারা আর কতদিন পালিয়ে বেড়াবেন?’
শুধু কার্টুন শেয়ার করে ক্ষান্ত থাকেননি প্রকাশ। একটি ভিডিও বার্তায় নিজের চরম ক্ষোভ উগরে দেন তিনি। বিভিন্ন জায়গা থেকে তরুণদের আটক করায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এসব কী কাণ্ড? বিমান ও বাড়ি থেকে তরুণদের আটক করা হচ্ছে? এমনকি তাঁদের বিক্ষোভস্থলেও পৌঁছতে দেওয়া হচ্ছে না?’
পুলিশি অভিযানের মুখেও আন্দোলন দমে যাবে না বলে হুঁশিয়ারি দেন এই অভিনেতা। ভিডিও বার্তার শেষ তিনি বলেন, ‘খেলা শুরু হয়ে গেছে! দেশ সব দেখছে।’ তিনি জানান, আন্দোলন কোনো একটি নির্দিষ্ট দিনের জন্য নয়, বরং গণতন্ত্র রক্ষার্থে লড়াই চলতে থাকবে। সাধারণ মানুষ সরকারের কাছে প্রশ্ন করা বন্ধ করবে না।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের রাজধানীতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এ পর্যন্ত প্রায় ৭ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ।
ইএইচ/




