শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

কাবার কাছে ‘আত্মঘাতী বোমা হামলার চেষ্টার’ ভিডিও ভাইরাল, যা বলছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

কাবার কাছে ‘আত্মঘাতী বোমা হামলার চেষ্টার’ ভিডিও ভাইরাল, যা বলছে সৌদি

ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে ‘আত্মঘাতী বোমা হামলার চেষ্টাকারী আটক’—বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত থেকে এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই দাবিকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

মূলত, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি। ভিডিওতে মসজিদুল হারামের কাছে সৌদি নিরাপত্তাকর্মীদের এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করার দৃশ্য দেখা যায়।

পোস্টে বলা হয়, ‘এক ব্যক্তি বিস্ফোরকভর্তি ভেস্ট নিয়ে কাবার কাছে পৌঁছে সেটি বিস্ফোরণের চেষ্টা করেন। তবে বিস্ফোরকটি বিস্ফোরিত হয়নি এবং নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন’।

তবে এই দাবিকে সরাসরি নাকচ করেছে সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ। 

সৌদি জননিরাপত্তা অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি কোনো আত্মঘাতী বোমা হামলার চেষ্টা ছিল না। বরং এক ব্যক্তিকে পথচারীদের হয়রানি এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে আটক করা হয়েছিল।

এতে আরও বলা হয়েছে, ঘটনাটিকে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা হিসেবে যে দাবি ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই। আটক ব্যক্তির কাছে বিস্ফোরক পাওয়া গেছে কিংবা তিনি বিস্ফোরক দিয়ে হামলার চেষ্টা করেছিলেন—এমন কোনো প্রশানও পাওয়া যায়নি।

ওই ব্যক্তি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে আটক ব্যক্তির নাম বা তিনি কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, মসজিদুল হারাম ও কাবা শরীফ মুসলিম বিশ্বের কাছে সর্বোচ্চ ধর্মীয় গুরুত্ব বহন করে। ফলে সেখানে নিরাপত্তা-সংক্রান্ত কোনো ভিডিও প্রকাশ পেলেই তা মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে হুথিদের সঙ্গে চলমান সংঘাতের সময় ‘কাবায় হামলা’—এ ধরনের শব্দ যুক্ত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার গতি আরও বেড়ে যায়।

সূত্র: এনডিটিভি

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর