যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিধি আরও বেড়ে ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি।
সাফাভি বলেন, ‘পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে সংঘাত ইতোমধ্যে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তাহলে পরবর্তী ধাপে যুদ্ধের নতুন ফ্রন্ট আরও বিস্তৃত হয়ে ভারত মহাসাগর এবং এর বাইরেও পৌঁছাতে পারে’।
তিনি বিশেষভাবে লোহিত সাগর ও বাব আল-মান্দেবকে সম্ভাব্য নতুন সংঘাতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন।
সাফাভি আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য নতুন পরিস্থিতির জন্য বিভিন্ন পরিকল্পনা প্রস্তুত রেখেছে।
তিনি বলেন, ‘ইরান নতুন করে আক্রান্ত হলে যুদ্ধের ভৌগোলিক পরিসর পরিবর্তিত হতে পারে। ইরানের সামরিক বাহিনী সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে’।
ইরানের এই হুঁশিয়ারি এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ভৌগোলিক পরিধি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালি, লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এসব এলাকায় সংঘাত ছড়িয়ে পড়লে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
অন্যদিকে ভারত মহাসাগরের প্রসঙ্গটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথভাবে ব্যবহৃত ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি রয়েছে।
এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবিও সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নতুন করে তীব্র হলে ইরানের সামরিক কৌশল, অস্ত্র এবং লক্ষ্যবস্তুতে পরিবর্তন আসতে পারে।
একই সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতির কথাও জানিয়েছিলেন।
সূত্র: আনাদোলু, এনডিটিভি
এমএইচআর




