ইরাক থেকে ড্রোন হামলা ক্ষতিগ্রস্ত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আবার চালু করেছে কর্তৃপক্ষ। এতে দেশটির লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে আবারও অপরিশোধিত তেল রফতানি শুরু হতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর ড্রোন হামলার পর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি বন্ধ করে দিতে বাধ্য হয় সৌদি আরব। এর ফলে দেশটির পূর্বাঞ্চল থেকে তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল পাঠানো বন্ধ হয়ে যায়। এতে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়ে।
এদিকে দুটি সূত্র জানিয়েছে, বর্তমানে পাইপলাইনটি অপেক্ষাকৃত কম গতিতে তেল পরিবহন করছে। তবে সৌদি আরব ধীরে ধীরে সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে।
যদিও দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আরামকো পাইপলাইন পুনরায় চালু হওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালিতে তেল পরিবহনে বিঘ্ন দেখা দেওয়ার পর সৌদি আরব এই পাইপলাইন ব্যবহার করে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবুর দিকে পাঠাচ্ছিল। এই পরিমাণ বিশ্বব্যাপী দৈনিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান। ফলে পাইপলাইনটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।
একটি সূত্র বলছে, আরামকো তেল উত্তোলনের হার পুনরায় দৈনিক ৪০ লাখ ব্যারেলে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে প্রবাহ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
অন্য একটি সূত্র জানিয়েছেন, মঙ্গলবার ইয়ানবু থেকে একটি অপরিশোধিত তেলের চালান যাওয়ার কথা রয়েছে। চালানটির গন্তব্য চীন। পাশাপাশি ব্যবসায়ীরা সৌদি তেল পরিবহনের জন্য মিসরের পোর্ট সাইদ ও সিদি কেরির এলাকায় জাহাজ সরিয়ে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে পাইপলাইন পুনরায় চালুর খবর আন্তর্জাতিক তেলবাজারেও প্রভাব ফেলেছে।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি কমে ৮ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সূত্র: রয়টার্স
এমএইচআর




