সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সৌদি পাইপলাইনে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

সৌদি পাইপলাইন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইরানের
সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন একাধিক ড্রোন হামলার শিকার হয়।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে ইরান। হামলার জন্য ইরানকে ‘সম্ভবত’ দায়ী বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরই পাল্টা অবস্থান জানাল তেহরান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে এবং উত্তেজনার মধ্যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে মিথ্যা অভিযোগ করে চলেছে।

তিনি বলেন, ‘এই ঘটনাপ্রবাহে ইরানের সম্পৃক্ততা নিয়ে মার্কিন কর্মকর্তাদের করা দাবির বিন্দুমাত্র সত্যতা নেই এবং তা দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করা হচ্ছে।,” 

মূলত, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন একাধিক ড্রোন হামলার শিকার হয়। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে পশ্চিমে লোহিত সাগরের উপকূলে তেল পরিবহন করে। সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় তেল রফতানির জন্য পাইপলাইনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। হামলায় কয়েকজন আহত হন এবং পাইপলাইনের অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ এই পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় রিয়াদ।

এদিকে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এর পেছনে ইরানের হাত থাকার ‘সম্ভাবনা’ রয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরান হামলার জন্য দায়ী কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,  ‘আমার মনে হয়, সম্ভবত তারাই দায়ী।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানি। 

অন্যদিকে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোও হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। 

‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ জানিয়েছে, তারা হামলা চালায়নি। একই সঙ্গে সংগঠনটি বলেছে, কোনো হামলা চালালে সেটি তারা নিজেদের কর্মকাণ্ড হিসেবে স্বীকার করতে দ্বিধা করত না।

এদিকে সৌদি আরবের দাবি অনুযায়ী ড্রোনগুলো ইরাকের দক্ষিণাঞ্চলীয় মায়সান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। 

এরপরই ইরাকি প্রধানমন্ত্রী ওই অঞ্চলের সামরিক কমান্ডের দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে বরখাস্ত করেন এবং তদন্তের নির্দেশ দেন। কয়েকটি সীমান্ত ক্রসিংও বন্ধ করা হয়েছে।

এদিকে সৌদি আরব আপাতত ইরাকের পাল্টা সামরিক ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। 

রিয়াদ জানিয়েছে, ইরাকি প্রধানমন্ত্রীর অনুরোধে বাগদাদকে হামলার তদন্ত ও নিজেদের ভূখণ্ড থেকে এ ধরনের হামলা ঠেকানোর সুযোগ দেওয়া হচ্ছে। 

সূত্র: আলজাজিরা, সৌদি প্রেস এজেন্সি

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর