শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

ইরানের এক-তৃতীয়াংশ মিসাইল ধ্বংসের তথ্য জানে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০১:৪৮ এএম

শেয়ার করুন:

ইরানের এক-তৃতীয়াংশ মিসাইল ধ্বংসের তথ্য জানে যুক্তরাষ্ট্র
- ফাইল ছবি

ইরানের মিসাইল ভাণ্ডারের এক-তৃতীয়াংশ ধ্বংস করার ব্যাপারে নিশ্চিত যুক্তরাষ্ট্র। তবে বাকি দুই-তৃতীয়াংশ মিসাইল কোথায় এবং কীভাবে আছে, তা এখনো তাদের কাছে অজানা।

শুক্রবার (২৭ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পাঁচ গোয়েন্দা কর্মকর্তা।


বিজ্ঞাপন


গোয়েন্দারা বলেছেন, বাকি দুই-তৃতীয়াংশের মধ্যে এক-তৃতীয়াংশ হয় ধ্বংস হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। নয়তো ভূগর্ভস্থ সুড়ঙ্গ বা বাঙ্কারের নিচে চাপা পড়েছে।

ইরানের ড্রোন ধ্বংস হওয়ার ক্ষেত্রেও তাদের একই মত। নাম প্রকাশ না করার শর্তে চার গোয়েন্দা বলেছেন, ইরানের ড্রোনের এক-তৃতীয়াংশ ধ্বংস হয়েছে বলে তারা নিশ্চিত।

রয়টার্স বলেছে, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের বেশির ভাগ মিসাইল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলেও এখনো তেহরানের কাছে বিপুল মিসাইল ও ড্রোন রয়েছে। যুদ্ধ শেষ হলে তারা সেগুলো ভূগর্ভস্থ স্থান থেকে উদ্ধার করতে পারবে।


বিজ্ঞাপন


গোয়েন্দা তথ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির ব্যাপক তফাত রয়েছে বলে উল্লেখ করেছে রয়টার্স। বার্তাসংস্থাটি বলেছে, গতকাল ট্রাম্প বলেছেন, ইরানের কাছে এখন অল্প কিছু রকেটই রয়ে গেছে। কিন্তু গোয়েন্দারা বলছেন, ইরানের মোট মিসাইলের অন্তত ৩০ ভাগই অক্ষত আছে। আর বাকি ৩০ ভাগ ধ্বংস হয়েছে বা চাপা পড়ে আছে।

রয়টার্স তাদের প্রতিবেদনে আরও বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল ভাণ্ডার লক্ষ্য করে ব্যাপক হামলা চালালেও দেশটি এখনো মিসাইল নিক্ষেপ করে যাচ্ছে, যা তাদের সক্ষমতার ইঙ্গিত দেয়। শুধু গতকালই সংযুক্ত আরব আমিরাতে ১৫টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। সঙ্গে ১১টি ড্রোনও নিক্ষেপ করেছিল তারা।

ফ্রান্সের প্যারিস সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ের ইরানের মিসাইল বাহিনী ও বিপ্লবী গার্ডবিষয়ক বিশেষজ্ঞ নিকোল গ্রাজোসকি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল ধ্বংসের দাবি নিয়ে অতিরিক্ত বলেছে।

তার মতে, ইরানের কাছে কত মিসাইল আছে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র পুরোপুরি জানে না। কিন্তু না জেনেও তারা বলেছে, ইরানের মিসাইল সক্ষমতা তারা ধ্বংস করে দিয়েছে।

এই তথ্য জানার অন্যতম বাধা হলো, ইরান তাদের বেশির ভাগ মিসাইল ও মিসাইল লঞ্চার মাটির নিচের সুড়ঙ্গে রেখেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর