শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

ছোট বাড়িতেই থাকেন ইলন মাস্ক, কী কী আছে দুই কামরার ফ্ল্যাটে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩, ১০:৪৭ পিএম

শেয়ার করুন:

ছোট বাড়িতেই থাকেন ইলন মাস্ক, কী কী আছে দুই কামরার ফ্ল্যাটে
ইলন মাস্ক ও তার বাড়ি। ছবি: সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ ২২ হাজার ৯৮০ কোটি ডলার। চাইলে পৃথিবীর যে কোনও প্রান্তের যে কোনও প্রাসাদ কিনে থাকতে পারেন তিনি। কিন্তু সেই ইলন মাস্ক কোথায় থাকেন, জানেন?

বিলাসবহুল প্রাসাদে নয়, ইলন মাস্ক থাকেন দু’কামরার একটি ফ্ল্যাটে। মাস্কের জীবনী লিখছেন ওয়াল্টার ইসাকসন। সম্প্রতি তিনি মাস্কের ডেরার একটি ছবি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেছেন। সেখানেই দেখা গেছে, কোথায় থাকেন টেসলাকর্তা।


বিজ্ঞাপন


ইসাকসন জানিয়েছেন, টেক্সাসের বোকো চিকায় দু’কামরার একটি ছোট ফ্ল্যাটে থাকেন তিনি। তিনি এও জানিয়েছেন, এই বাড়িতে থাকতে শুরু করার আগে ২০২০ সালে পাঁচটি বড়সড় বাড়ি বিক্রি করেছিলেন টেসলাকর্তা।

অ্যাপল কর্তা স্টিভ জোবসের জীবনী লিখেছিলেন ইসাকসন। এখন মাস্কের জীবনী লিখছেন। সব ঠিকঠাক চললে সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে সেই জীবনী। হ্যালো পত্রিকা জানিয়েছে, মাস্কের এই ফ্ল্যাটের আয়তন মাত্র ৩৭৫ বর্গফুট। ৫০ হাজার ডলার দিয়ে সেটি কিনেছিলেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ লাখ টাকা।

আরও পড়ুন: ইলন মাস্কের গ্যারেজে গাড়ি নয়, রয়েছে ব্যক্তিগত উড়োজাহাজের সারি

লাস ভেগাসের একটি নির্মাণ সংস্থা ফ্ল্যাটটি তৈরি করেছিল। ওই সংস্থার ওয়েবসাইট থেকে জানা গেছে, মাস্ক যে ফ্ল্যাটে থাকেন, তাতে রয়েছে একটি বেডরুম এবং একটি বসার ঘর। ফ্ল্যাটে রয়েছে ছোট্ট একটি শৌচালয়, একটি স্নানের জায়গা, একটি রান্নাঘর, আগুন পোহানোর জায়গা, জামা-কাপড় রাখার জন্য ওয়াক-ইন ক্লোজেট।


বিজ্ঞাপন


ছোট হলেও ওই ফ্ল্যাটে সমস্ত আধুনিক সরঞ্জাম রয়েছে। ফ্ল্যাটটি আগুন এবং ভূমিকম্প নিরোধক। ইসাকসন মাস্কের বাড়ির যে ছবি দিয়েছেন, তাতে দেখা গেছে তার ঘরদোর বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। ছিমছাম ঘরে খুব কম আসবাব রয়েছে। টেবিলের উপর সাজানো রয়েছে একটি রকেটের প্রতিকৃতি, একটি জাপানি তলোয়ার।

elon musk house
ছবি: সংগৃহীত

ইসাকসনের পোস্ট করা ছবিতে মাস্কের রান্নাঘরের ঝলক মিলেছে। সাদা আসবাবে মোড়া রান্নাঘরেও কোনও বাহুল্য নেই। রয়েছে ফ্রিজ, ওভেন আর গুটিকয়েক আসবাব।

মাস্কের বসার ঘরের দেওয়ালে রয়েছে একটি ছবি। একটি বিখ্যাত বিজ্ঞান পত্রিকার প্রচ্ছদ ফ্রেমে বাঁধানো রয়েছে। সেখানেও মহাকাশ গবেষণার বিষয়টিই উঠে এসেছে।

২০২০ সালেই মাস্ক ঘোষণা করেছিলেন, সাদাসিধে জীবনযাপন করবেন তিনি। কোনও প্রাচুর্য থাকবে না। এরপরই একে একে সম্পত্তি বিক্রি করতে শুরু করেন তিনি। একটি ওয়েবসাইটে তার পাঁচটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: বিশ্বাস করেন না কাউকে, শৌচালয়েও দেহরক্ষী থাকে ইলন মাস্কের!

২০২১ সালে নিজের শেষ বাড়িটি তিন কোটি ডলারে বিক্রি করেন মাস্ক। শেষে ৫০ হাজার ডলার দিয়ে কেনেন এই ফ্ল্যাট। সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে মাস্কের জীবনী। এখন থেকেই তা নিয়ে আগ্রহ তুঙ্গে। মনে করা হচ্ছে, সেই বইতে মাস্কের সঙ্গে তাঁর বাবার টালমাটাল সম্পর্ক উঠে আসতে পারে।

মাস্কের জীবনের শুরুটা কেটেছে দক্ষিণ আফ্রিকায়। সেই সময়টা প্রভাব ফেলেছে তার পরবর্তী জীবনে। সে সবই থাকবে জীবনীতে। অল্প বয়স থেকে ঝুঁকি নেওয়ার প্রতি ঝোঁক ছিল তার। ঝুঁকি নিয়েই তৈরি করেছিলেন ব্যাটারিচালিত গাড়ি তৈরির সংস্থা টেসলা এবং স্পেস এক্স।

সূত্র: আনন্দবাজার

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর