পরীক্ষা সময়মতো না হওয়া, ফল প্রকাশে বিলম্ব, পরীক্ষার খাতা অদলবদল এবং বিভিন্ন বিল উত্তোলনে অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় চিকিৎসা অনুষদের ভারপ্রাপ্ত সচিব ডা. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার অপসারণ দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর মহাখালী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হোমআইএইচটির সামনে বিক্ষোভ ও মানববন্ধনে এই দাবি করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ফ্যাকাল্টি সচিবের দায়িত্বে থাকা ব্যক্তির কারণে তাঁদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হচ্ছে। আগে নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে পরীক্ষার সময়সূচিতে অনিয়ম দেখা দিয়েছে। জানুয়ারিতে হওয়ার পরীক্ষা হচ্ছে জুনে, আবার জুলাইয়ের পরীক্ষা হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর কিংবা নভেম্বরে। এতে একদিকে সেশনজট বাড়ছে, অন্যদিকে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে শিক্ষাজীবন শেষ করতে পারছেন না।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার খাতা অদলবদল ও ফল প্রকাশের ক্ষেত্রেও অনিয়মের ঘটনা ঘটেছে। এ ছাড়া ফ্যাকাল্টির একটি বোর্ড গঠনের কথা থাকলেও তা আটকে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সেশনজট নিরসন, পরীক্ষার ফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করতে হবে। একই সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে যোগ্য ও দায়িত্বশীল কাউকে এ পদে নিয়োগ দিতে হবে।
মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে ডা. সাইফুল ইসলাম বলেন, ‘যারা মানববন্ধন করেছে, তারা আইএইচটির শিক্ষার্থী নয়। তারা বহিরাগত। কেউ হয়ত কিছু টাকা-পয়সা দিয়ে তাদের দিয়ে এসব করিয়েছেন। ’
নিজের বিরুদ্ধে বিভিন্ন বিল উত্তোলনে অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এসব বিষয়ে তদন্ত হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। গভর্নিং বডি ও মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই বিধি অনুযায়ী বিল পরিশোধ করা হয়েছে।’
প্রতিষ্ঠানে প্রয়োজনীয় জনবল নিয়োগ না দিয়ে নিজে বিভিন্ন দায়িত্ব পালন করে বিল উত্তোলনের অভিযোগও অস্বীকার করেন তিনি।
তার ভাষ্য, জনবল নিয়োগের জন্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়সহ সংশ্লিষ্ট দফতরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। জনবল নিয়োগের ক্ষমতা তাঁর হাতে নেই।
বোনাস বিলের বিষয়ে ডা. সাইফুল ইসলাম বলেন, ‘এটি সরকার ও গভর্নিং বডির অনুমোদিত। প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মচারী তাদের বেতন অনুযায়ী এ সুবিধা পান। ’
তিনিও অন্যদের মতো নির্ধারিত নিয়মে বোনাস পান। এতে বিশেষ কোনো সুবিধা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
এসএইচ/এএম




