শীতকালে নানা রকম রোগবালাই মাথাচাড়া দিয়ে ওঠে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কিছু রোগ বেশি দেখা যায়। একটু সতর্ক থাকলে ভালো থাকা যায়। বিশেষজ্ঞদেরও মত, শীতকালীন রোগ থেকে সুরক্ষায় প্রয়োজন বাড়তি সতর্কতা।
তাদের মতে, শীতের শুরুতেই আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায়। এ সময় শিশু ও বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম থাকায় তারা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো জটিলতায় সহজেই আক্রান্ত হন। তাই ঠাণ্ডা লাগানো থেকে বাঁচতে পর্যাপ্ত গরম কাপড় পরা, কুসুম গরম পানি পান করা এবং ধুলাবালি ও ঠাণ্ডা বাতাস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।
বিশেষজ্ঞদের অভিমত, শীতকালীন অসুস্থতায় অবহেলা না করে লক্ষণ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। বিশেষ করে শিশুদের শ্বাস-প্রশ্বাসের দ্রুততা, বুকের পাঁজর দেবে যাওয়া বা খাওয়ায় অনীহা দেখা দিলে এবং বয়স্কদের শ্বাসকষ্ট তীব্র হলে দ্রুত হাসপাতালে নিতে হবে। পাশাপাশি হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং প্রয়োজনীয় টিকা নেওয়ার মাধ্যমে শীতের রোগব্যাধি অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।

খোঁজ নিয়ে জানা গেছে, শীতজনিত কারণে বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে নতুন রোগীর চাপ বেড়েছে। আর যেসব রোগী আসছে, তাদের মধ্যে শিশু ও বৃদ্ধ এবং বক্ষব্যাধিজনিত রোগীর উপস্থিতি বেশি।
এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ১০০ শয্যার বিপরীতে বর্তমানে প্রায় ১৬০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে শিশু প্রায় ৫০ জন। শয্যা না পেয়ে প্রায় ৬০ জন রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। সামনে শীত আরও বাড়লে হাসপাতালে রোগীর এই চাপ আরও বাড়তে পারে।
লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শিশু বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, শিশু বিভাগে ৩০টি শয্যা থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ১০টি। এর বিপরীতে ভর্তি রয়েছে ৬৫ শিশু। শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
সেইসঙ্গে খাগড়াছড়িতে শীতের সঙ্গে সঙ্গে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ। জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। চলতি মাসের ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন রোগে অন্তত ১২ শিশু মারা গেছে। যাদের মধ্যে ছয়জন নিউমোনিয়া আক্রান্ত ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপ বাড়ায় সদর হাসপাতালের ১৫ শয্যার শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি ভর্তি রয়েছে। শয্যা সংকটে অনেক শিশুকে বারান্দায় রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা।
এদিকে ঢাকার শিশু হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। জানতে চাইলে হাসপাতালটির একজন শীর্ষ কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, আগের তুলনায় ঠাণ্ডাজনিত শিশু কয়েকগুণ বেড়েছে। এটি আগামী কয়েক মাস ধরে বাড়তে থাকবে।
হেমন্তে তাপমাত্রা কমার সাথে সাথে হাম ও ডেঙ্গুর পাশাপাশি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বরসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের ভিড়। শিশু ওয়ার্ডে মাত্র ৪৫টি শয্যার বিপরীতে গড়ে ভর্তি থাকছে সাড়ে ছয়শ শিশু। হাসপাতালে চিকিৎসা সেবা ও পথ্য মিললেও, শয্যাসঙ্কটে দুর্ভোগে রোগী ও স্বজনরা।
এদিকে চিকিৎসকরা জানান, ঋতু পরিবর্তনের সময় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো গুরুত্বপূর্ণ। এ সময় সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, রোটাভাইরাসজনিত ডায়রিয়া ও স্ক্যাবিসের মতো রোগের বিস্তার ঘটে। তাই শিশু ও নবজাতকের বাড়তি পরিচর্যা প্রয়োজন। শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঠান্ডা থেকে সুরক্ষিত রাখা এবং অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

জানতে চাইলে শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা ঢাকা মেইলকে বলেন, শীতের শুরুতে তাপমাত্রা কমার পাশাপাশি বাতাসে ধুলাবালি ও শুষ্কতা বেড়ে যাওয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণ দ্রুত ছড়ায়। বিশেষ করে নবজাতক, পাঁচ বছরের কম বয়সী শিশু এবং দীর্ঘমেয়াদি রোগে ভোগা বয়স্কদের ক্ষেত্রে সামান্য ঠাণ্ডাও মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই এই সময়ে শিশুদের গায়ে হালকা কিন্তু পর্যাপ্ত উষ্ণ কাপড় পরানো এবং বাইরের ঠাণ্ডা বাতাস ও ধুলাবালি থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, অনেক অভিভাবক বা স্বজন শুরুর দিকে সাধারণ সর্দি-কাশি বা জ্বর ভেবে অবহেলা করেন, যা পরে নিউমোনিয়া বা শ্বাসকষ্টে রূপ নেয়। শিশুর শ্বাস নেওয়ার গতি স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে, পাঁজরের নিচের অংশ দেবে গেলে কিংবা বুকের দুধ বা খাবার খেতে না চাইলে এক মুহূর্তও দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রয়োজন।
আরও পড়ুন: ভুল চিকিৎসার অভিযোগ বাড়ছে, নিষ্পত্তিতে ধীরগতি
জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ ঢাকা মেইলকে বলেন, শীতকালীন রোগব্যাধি প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও খাদ্যাভ্যাসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস, কুসুম গরম পানি পান করা এবং ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ সুষম খাবার গ্রহণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা নেওয়া থাকলে জটিলতার ঝুঁকি অনেকটাই কমে আসে।
তিনি বলেন, শীতে ঘরের ভেতর খুব বেশি গাদাগাদি করে না থেকে বায়ু চলাচলের ব্যবস্থা রাখা এবং অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলাও সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। সামান্য সচেতনতা ও সময়মতো সঠিক চিকিৎসার মাধ্যমে শীতের এই মৌসুমে পরিবারকে সুস্থ ও নিরাপদ রাখা সম্ভব।
মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ মতে, শীতকালে বয়স্ক লোকদের অ্যাজমা, গলায় ব্যর্থ, ডায়রিয়া, নিউমোনিয়া, টনসিল ও গিরায় গিরায় ব্যথা হয়। শীতে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই ভালো। জরুরি প্রয়োজন হলে শিশুদের শীত নিবারণের কাপড় পড়ে বাইরে যাওয়া উচিত। শীতজনিত রোগে বেশি শারীরিক অসুস্থ বাড়তে থাকলে শিশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এসএইচ/এআরএম




