ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী বিপাকীয় রোগ, এ সমস্যা দেখা দিলে অগ্ন্যাশয় যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না অথবা শরীর উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না, ফলে রক্তে শর্করার (গ্লুকোজ) মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (IDF) তথ্য অনুযায়ী, ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ বর্তমানে সপ্তম স্থানে রয়েছে এবং দেশে প্রায় দেড় কোটি মানুষ এই রোগে আক্রান্ত।
ধারণা করা হয়, আক্রান্তদের প্রায় অর্ধেকই নারী। এছাড়া এমন অর্ধেকেরও বেশি লোক জানেনই না যে, তাদের ডায়াবেটিস আছে। বাংলাদেশে প্রায় ৫৪ লক্ষ ডায়াবেটিক রোগী (প্রায় ৩৯%) আছেন যাদেরকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। বিশ্বে ৩৪ লক্ষ মানুষ ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় মৃত্যুবরণ করেছে।
তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১০০ জনের মধ্যে ২৫ জন মহিলাই গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হয়, যাদের ৬৫ শতাংশই পরবর্তীকালে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়। গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের ও গর্ভস্থ শিশুদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তা ছাড়া, গর্ভকালীন ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না করা হয় তবে তাদের পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আরো বেশি।
জানা গেছে, শরীরে ইনসুলিন নামক এক প্রকার হরমোনের অভাব হলে কিংবা উৎপাদিত ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে রক্তের গ্লুকোজ দেহের বিভিন্ন কোষে প্রয়োজনমতো ঢুকতে পারে না। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।
এ পরিস্থিতিকেই ডায়াবেটিস বলে। ডায়াবেটিস একবার হলে সারা জীবন থাকে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অন্ধত্ব, হৃদরোগ, কিডনি রোগ, স্ট্রোক ও পঙ্গুত্বের মতো কঠিন রোগের ঝুঁকি অনেকগুণ বাড়িয়ে দেয়। অথচ সঠিক চিকিৎসার মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা সুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও কর্মঠ জীবনযাপন করা যায়। তাই প্রত্যেক ডায়াবেটিক রোগীর উচিত এই রোগের চিকিৎসা সম্পর্কে ভালোভাবে জানা, জীবনযাত্রার ত্রুটিগুলি পরিহার করা এবং ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা নিয়ে সুস্থ জীবন নিশ্চিত করা।
ডায়াবেটিস প্রধানত দু'ধরনের: টাইপ-১ ও টাইপ-২। সাধারণত ৩০ বছরের কম বয়সীদের টাইপ-১ ডায়াবেটিস দেখা যায়। এ ধরনের রোগীদের শরীরে ইনসুলিন একেবারেই তৈরি হয় না। বেঁচে থাকার জন্য এসব রোগীকে ইনসুলিন নিতেই হয়। টাইপ-১ রোগীর সংখ্যা এদেশে তুলনামুলকভাবে কম। টাইপ-২ ডায়াবেটিক রোগীর সংখ্যাই বেশি, প্রায় ৯০% থেকে ৯৫%। এদের শরীরের ইনসুলিন নিষ্ক্রিয় থাকে, অথবা ইনসুলিনের ঘাটতি থাকে। এ ধরনের রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন ও নিয়মিত ব্যায়াম অপরিহার্য। প্রয়োজনে কাউকে কাউকে খাওয়ার বড়ি বা ইনসুলিন নিতে হতে পারে।
জানতে চাইলে ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. শাহজাদা সেলিম ঢাকা মেইলকে বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। একবার হলে তা কখনো সারে না। ও কিন্তু এটি প্রতিরোধ নিয়ন্ত্রণযোগ্য। ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সহজ হয়। এজন্য যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিস নেই উভয়কেই ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, আর যদি কোনো কারণে ডায়াবেটিস হয়েই যায় তবে ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সচেতন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শমতো ওষুধ গ্রহণ করতে হবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট এ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিওর, অন্ধত্ব ও পা কেটে ফেলার মতো মারাত্মক এবং প্রাণঘাতী ঝুঁকি থাকে। কাজেই ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং কোনো রকম দেরি না করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়মিত ব্যায়াম করলে, মানসিক চাপমুক্ত থাকলে, সুষম খাদ্য খেলে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ গ্রহণ করলে এবং সুশৃঙ্খল জীবনযাপন করলে ডায়াবেটিসজনিত জটিলতা থেকে মুক্ত থাকা সম্ভব।
আরও পড়ুন: ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খেলে, শারীরিক পরিশ্রম না করলে, নিয়মিত শরীরচর্চা না করলে, স্বাভাবিকের চাইতে মাত্রাতিরিক্ত ওজন বেড়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। যাদের ডায়াবেটিস নেই, তারা যদি ডায়াবেটিস হওয়ার ঝুঁকিগুলো সম্পর্কে জানতে পারেন এবং সেসব ঝুঁকি এড়িয়ে চলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে ডায়াবেটিস বহুলাংশে প্রতিরোধ সম্ভব। এক্ষেত্রে বছরে অন্তত দু'বার ডায়াবেটিস পরীক্ষা করা ভালো। যতো দ্রুত ডায়াবেটিস সনাক্ত করা যাবে এবং চিকিৎসা শুরু করা যাবে, ডায়াবেটিসের জটিলতা এড়ানো ততো সহজ হবে।
তারা বলছেন, চোখে রক্তক্ষরণ, কিডনি ফেইলিওর অথবা পায়ে ঘা নিয়ে হঠাৎকরে এসে উপস্থিত হয়। তখন দেখা গেল অনেকদিন ধরে তার ডায়াবেটিস। এই যে অজানা ডায়াবেটিস, শরীরকে ঘুণে খাওয়ার মতো ধরে ফেলেছে এটা আসলে আগে থেকে বোঝা যায় না। এই অজানা ডায়াবেটিস শনাক্ত করাই মূল চ্যালেঞ্জের বিষয়।
এদিকে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের পক্ষ থেকে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য পাঁচটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে আছে ৮০ শতাংশ ডায়াবেটিসের রোগীকে রোগ নির্ণয়ের আওতায় আনা, ৮০ শতাংশ ডায়াবেটিসের রোগীর রক্তের শর্করা সুনিয়ন্ত্রণে রাখা, ৮০ শতাংশ ডায়াবেটিসের রোগীর রক্তচাপ সুনিয়ন্ত্রণে রাখা, ৬০ শতাংশ ডায়াবেটিসের রোগীর (চল্লিশের বেশি বয়সী) স্টাটিন (রক্তে চর্বি কমানোর ওষুধ) পাওয়া নিশ্চিত করা এবং টাইপ-১ ডায়াবেটিসের রোগীর ১০০ শতাংশকে ইনসুলিন নিশ্চিত করা। তবে এই লক্ষ্যমাত্রা অর্জন করা বাংলাদেশের জন্য বাধ্যতামূলক কোনো বিষয় নয়।
ডায়াবেটিস বিশেষজ্ঞ ও বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরিচালক (রিসার্চ অ্যান্ড একাডেমি) অধ্যাপক মো. ফারুক পাঠান বলেন, ডায়াবেটিস নিয়ে দেশে কাজ হচ্ছে বিক্ষিপ্ত, বিচ্ছিন্নভাবে। ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিসের ব্যাপারে পাঁচটি লক্ষ্যমাত্রা অর্জনের তেমন কোনো প্রস্তুতি নেই। সরকার এ বিষয়ে কী করছে, তা-ও তাদের জানা নেই।
তিনি বলেন, ডায়াবেটিসের লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায়, সেজন্য ডাক্তারের শরণাপন্ন হতে বিলম্ব হয়। ফলে দীর্ঘদিন অতিরিক্ত শর্করার প্রভাবে শরীরের রক্তশিরার পরিবর্তনের ফলাফল হিসেবে হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, চোখে রেটিনার ক্ষতি ও স্নায়ু সমস্যা দেখা দিতে পারে। যা প্রথম রোগ নির্ণয়ের সময় আমরা দেখতে পাই। ডায়াবেটিসের কারণে পায়ে ক্ষত সংক্রমিত হয়ে গুরুতর অবস্থায় অঙ্গচ্ছেদের ঘটনাও আমরা দেখতে পাই। শুধু তাই নয়, অল্প বয়সে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পায়। ফলে সক্ষম কর্মজীবনও কমে যায়।
তিনি আরও বলেন, চিকিৎসা ব্যয় ও জটিলতার কথা চিন্তা করলে এ ক্ষতি ব্যক্তি ও পরিবারের আর্থিক নিরাপত্তা ক্ষতিগ্রস্থ করে। দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয় অনেক পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়। রাষ্ট্রীয় ক্ষেত্রে চিকিৎসাব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।
এসএইচ/এআরএম




