বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

উপসচিব ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান। কমিটির অপর সদস্য উপসচিব ইমতিয়াজ হোসেন।

অফিস আদেশে বলা হয়েছে, বুধবার আনুমানিক বেলা ১১টায় আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির বিষয়ে বিশ্বস্ত সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া সংবাদের পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুস্পষ্ট পর্যবেক্ষণ, প্রাপ্ত তথ্য-প্রমাণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তের প্রয়োজনে কমিটি স্বাস্থ্য অধিদপ্তর বা এর আওতাধীন প্রতিষ্ঠানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।

এর আগে, বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিরকে মারধরের ঘটনা ঘটে। 

অভিযোগ অনুযায়ী, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একদল নেতাকর্মী এ ঘটনায় জড়িত। এতে নেতৃত্ব দেন ড্যাবের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপক।

এ ঘটনায় ডা. জাহিদ হাসান রিপকের প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে ড্যাব। পাশাপাশি তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এসএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর