মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

আদর আজাদে মুগ্ধ দর্শক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

আদর আজাদে মুগ্ধ দর্শক

গত শুক্রবার (৭ অক্টোবর) দেশের ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদর আজাদ অভিনীত তৃতীয় চলচ্চিত্র ‘যাও পাখি বলো তারে’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।

সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন। মজনু চরিত্রের আদরকেও তারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। ছবিটি আদরের শুরুর দিকের হলেও তার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে দর্শকমহলে। তাকে নিয়ে প্রযোজক ও নির্মাতারাও নতুন করে ভাবতে শুরু করেছেন।

আদর বলেন, ‘সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে গিয়ে দর্শক প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। এরইমধ্যে বেশকিছু প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। আমি সিনেমায় নবীন হলেও দর্শক ইতিবাচকভাবে নিয়েছে।’

সম্প্রতি আদরের ‘যাও পাখি বলো তারে’ দেখে ভূয়সী প্রশংসা করেছেন নির্মাতা মালেক আফসারী। আদরের মধ্যে সম্ভাবনার প্রদীপ দেখতে পেয়েছেন তিনি। তার ভাষ্য, ‘আদর আজাদের ভবিষ্যৎ ভালো। ও খুবই ভালো করবে।’

২০১৪ সালে ‘ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন আদর আজাদ। শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর কাজ করেন নাটক-টেলিফিল্মে। তবে আদরের স্বপ্নজুড়ে ছিল শুধুই চলচ্চিত্র। তাই নাটকে ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেন। প্রথম সিনেমা মুক্তির আগেই হাফ ডজনের বেশি চলচ্চিত্রে কাজ করেন তিনি।

বর্তমানে আদর অভিনীত ও নির্মাণাধীন রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তারমধ্যে ‘নাকফুল’, ‘লোকাল’, ‘চিৎকার’, ‘পোড়া অন্তর’, ও ‘মুক্তি’ উল্লেখযোগ্য। শিগগিরই আরও কয়েকটি নতুন সিনেমায় যুক্ত হবেন বলে জানান তিনি।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর