ছোটবেলা থেকেই অভিনয়ে আগ্রহ ছিল রবি কিষাণের। কিন্তু বাবা চাইতেন ছেলে পারিবারিক ব্যবসার দায়িত্ব নিক। তাই কটাক্ষ করতেন সুযোগ পেলেই। একবার শাড়ি পরে অভিনয় করায় মেরেছিলেন কোমরের বেল্ট দিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ এসেছিলেন রবি। সেখানেই কথাগুলো বলেছেন অভিনেতা। তিনি জানান, অভিনয়ে আগ্রহ দেখে বাবা কটাক্ষ করে বলতেন, “নাচিয়ে হবি নাকি?” এখানেই শেষ না। একবার রামলীলা মঞ্চস্থ করার সময় শাড়ি পরেছিলেন রবি। যা দেখে মেজাজ সপ্তমে চড়ে যায় অভিনেতার বাবার। কোমরের বেল্ট খুলে পেটান তাকে।
এ সময় পাশে দাঁড়ান রবির মা। তিনি অভিনেতাকে বাড়ি ছেড়ে পালানোর পরামর্শ দেন। অভিনেতার কথায়, “তারপর মা আমাকে পালাতে সাহায্য করেছিলেন। মা বলেছিলেন, ‘তোর পালিয়ে যাওয়া উচিত। কারণ, তোকে মেরে ফেলতে চাইছে।’ বিষয়টা এমন যে, ‘এই ছেলে আমাদের পরিবারের কলঙ্ক হবে। ওকে মেরেই ফেলি।’”
আজ দিন ঘুরেছে রবির। ভারতের একজন জনপ্রিয় অভিনেতা তিনি। একাধারে প্রযোজক ও রাজনীতিবিদও। দেশটির উত্তর প্রদেশের গোরক্ষপুর আসনের লোকসভার সংসদ সদস্য তিনি।
আরআর




