হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে সশরীরে উপস্থিত হয়ে এই আবেদন করেন মামলার বাদী, নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় দায়ের করা মামলায় বিবাদীর হাজির হওয়ার তারিখ ছিল। এই মামলায় বিবাদীপক্ষ আদালত থেকে নোটিশ রিসিভ করেছেন। কিন্তু বিবাদী আজ আদালতে না আসায় বাদী গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।’
তিনি আরও জানান, আজ আদালতের বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আগামী ১৪ ডিসেম্বর আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার ধার্য তারিখে বিবাদী মামলার বিষয়ে পুরোপুরি অবগত থাকার পরও আদালতে হাজির হননি। বিবাদীর এমন আচরণে আদালত অবমাননা হয়েছে। পাশাপাশি মামলা দায়েরের পরও বিবাদী ফেসবুকে বাদীর বিরুদ্ধে নানা কটূক্তি অব্যাহত রেখেছেন। এমতাবস্থায় ন্যায়বিচারের স্বার্থে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা একান্ত আবশ্যক।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছিলেন সানায়া আনাম। এরপর মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী। এর আগে গত বছরের ৭ নভেম্বর ফোনে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি আবেদন করলে রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
বাদীর দাবি, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তিশা ক্ষুব্ধ হয়ে তাঁর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়।
ইএইচ/




