অবশেষে দীর্ঘদিনের জল্পনার অবসান হলো। নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। ড্যানিয়েল ক্রেগের পর জনপ্রিয় ব্রিটিশ গোয়েন্দা চরিত্র ০০৭-এর দায়িত্ব নিতে যাচ্ছেন এই অভিনেতা।
বন্ড চরিত্রে প্যাটিনসনের নাম ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অ্যামাজন এমজিএম স্টুডিওসের ঘোষণা অনুযায়ী, নতুন জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। সিনেমাটি প্রযোজনা করবেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। পরিচালকের ভাষ্য, ‘প্যাটিনসনের মধ্যে জেমস বন্ডের চিরায়ত বৈশিষ্ট্যের পাশাপাশি নতুন ধরনের অভিনয়শৈলীও রয়েছে। ফলে চরিত্রটিতে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছি।’

চরিত্রটি নিয়ে প্যাটিনসন বলেন, জেমস বন্ডের মতো চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জীবনের অন্যতম বড় অর্জন।’
কে এই রবার্ট প্যাটিনসন?
রবার্ট প্যাটিনসনের জন্ম ১৯৮৬ সালের ১৩ মে, যুক্তরাজ্যের লন্ডনের বার্নস এলাকায়। তাঁর বাবা রিচার্ড প্যাটিনসন পুরোনো গাড়ির ব্যবসা করতেন। মা ক্লেয়ার প্যাটিনসন কাজ করতেন একটি মডেলিং প্রতিষ্ঠানে। তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট রবার্ট। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। স্কুলজীবনে বার্নস থিয়েটার ক্লাবের সঙ্গে যুক্ত হন। সেখান থেকে অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়।
২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পরিচিতি পান তিনি। তবে বিশ্বজুড়ে তারকাখ্যাতি আসে ‘টোয়াইলাইট’ সিনেমার মাধ্যমে। ২০০৮ সালে মুক্তি প্রাপ্ত এ ছবিতে এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন প্যাটিনসন। পরবর্তী সময়ে সিরিজটির আরও চারটি সিনেমায় অভিনয় করেন তিনি।

‘টোয়াইলাইট’-এর সাফল্যের পর শুধু বাণিজ্যিক সিনেমায় আটকে থাকেননি প্যাটিনসন। বরং নিজের অভিনয়দক্ষতা প্রমাণ করতে বেছে নেন ভিন্নধর্মী গল্প ও চরিত্র। ২০১২ সালে ডেভিড ক্রোনেনবার্গ পরিচালিত ‘কসমোপলিস’, ২০১৭ সালে ‘গুড টাইম’ এবং ২০১৯ সালে ‘দ্য লাইটহাউস’-এ অভিনয় করে সমালোচকদের প্রশংসা পান।
২০২২ সালে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্রুস ওয়েন তথা ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ২০২৫ সালে বং জুন-হো পরিচালিত ‘মিকি ১৭’ সিনেমায় নজর কাড়েন।
কীভাবে জেমস বন্ড হলেন প্যাটিনসন?
জেমস বন্ড চরিত্রের জন্য আলোচনায় ছিলেন ক্যালাম টার্নার, জশ ও'কনর, জ্যাক লোডেন ও নিকোলাস হোল্টের মতো তারকারা। তবে চূড়ান্ত বাছাই শেষে প্যাটিনসনকে নির্বাচিত করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, চূড়ান্ত পর্যায়ে পাঁচজন অভিনেতার স্ক্রিন টেস্ট নেওয়া হয়েছিল। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও বাছাইপ্রক্রিয়ায় যুক্ত ছিলেন। শেষ পর্যন্ত প্যাটিনসনের অভিনয় নির্মাতাদের নজর কাড়ে। পারবর্তীতে ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিওস আনুষ্ঠানিকভাবে তাঁকে নতুন জেমস বন্ড হিসেবে ঘোষণা করে।

১৯৫৩ সালে লেখক ইয়ান ফ্লেমিংয়ের উপন্যাসের মাধ্যমে জেমস বন্ড চরিত্রের যাত্রা শুরু হয়েছিল। ১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করে চরিত্রটি। এরপর শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগের মতো অভিনেতারা এই চরিত্রে অভিনয় করেছেন।
২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মাধ্যমে বন্ড চরিত্রে শেষবারের মতো দেখা যায় ড্যানিয়েল ক্রেগকে। এরপর থেকে নতুন বন্ড কে হবেন, তা নিয়ে চলছিল নানা জল্পনা। পাঁচ বছরের অপেক্ষার পর সেই প্রশ্নের উত্তর মিলেছে প্যাটিনসনের নাম ঘোষণার মধ্য দিয়ে।

নতুন সিনেমাটি হবে জেমস বন্ড সিরিজের ২৬তম কিস্তি। তবে এখনও সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।
এদিকে প্যাটিনসনের হাতে রয়েছে আরও বেশ কয়েকটি বড় কাজ। ডেনিস ভিলনভ পরিচালিত ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমায় স্কাইটেল চরিত্রে অভিনয় করছেন তিনি। পাশাপাশি ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমার কাজও চলছে।
ইএইচ/




