মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

জেমস বন্ড হচ্ছেন ‘ব্যাটম্যান’ খ্যাত রবার্ট প্যাটিনসন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ এএম

শেয়ার করুন:

জেমস বন্ড হচ্ছেন ‘ব্যাটম্যান’ খ্যাত রবার্ট প্যাটিনসন

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো পরবর্তী জেমস বন্ডের নাম। ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে নতুন ‘০০৭’ হতে চলেছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন। ‘ব্যাটম্যান’ খ্যাত এই তারকাকে দেখা যাবে জনপ্রিয় গুপ্তচর জেমস বন্ডের ভূমিকায়।

সোমবার (১৬ নভেম্বর) রাতে জেমস বন্ডের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণার সঙ্গে নতুন প্যাটিনসনের একটি ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে কালো টাক্সিডো পরে চিরচেনা বন্ড লুকে হাজির হন তিনি।

নতুন জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা ডেনিস ভিলনভ। তিনি বলেন, ‘এই যাত্রায় আমাদের বহু প্রতিভাবান অভিনেতার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু ০০৭ হতে পারেন একজনই। নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনকে পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। তিনি চরিত্রটিতে একেবারে নতুন মাত্রা যোগ করবেন।’

এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা নিজেও। তিনি বলেন, ‘সিনেমার ইতিহাসে জেমস বন্ড অন্যতম জনপ্রিয় একটি চরিত্র। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জীবনের বড় স্বপ্ন পূরণ।’

‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ এবং ‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান প্যাটিনসন। পরবর্তীতে ‘টেনেট’, ‘দ্য লাইটহাউস’, ‘মিকি ১৭’ এবং ‘দ্য ব্যাটম্যান’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন। চলতি বছরও ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ এবং ‘প্রাইমটাইম’ সিনেমায় দেখা গেছে তাঁকে।

১৯৬২ সালে ‘ডক্টর নো’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু হয় জেমস বন্ডের। ছয় দশকের বেশি সময় ধরে চলা এই ফ্র্যাঞ্চাইজিতে জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসন্যান এবং সর্বশেষ ড্যানিয়েল ক্রেগ ‘০০৭’ চরিত্রে অভিনয় করেছেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো টাইম টু ডাই’ সিনেমার মাধ্যমে বন্ড অধ্যায়ের ইতি টানেন ক্রেগ।

নতুন বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত স্টিভেন নাইট। সিনেমাটি প্রযোজনা করছেন অ্যামি পাসক্যাল ও ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন তানিয়া লাপোয়েন্তে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর