বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী দিয়া মির্জা। বুধবার সকালে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নওয়াজকে ট্যাগ করে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি। নওয়াজউদ্দিনের সঙ্গে কাজ করাটা তাঁর কাছে একপ্রকার দুঃস্বপ্নের মতো বলে মন্তব্য করেন অভিনেত্রী।
অভিনেতার আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী লেখেন, ‘একসঙ্গে কাজ করা যেন দুঃস্বপ্নের মতো! কথা বলার ন্যূনতম শিষ্টাচারটুকুও ওঁর মধ্যে নেই। তার উপরে এমন মনোভাব অত্যন্ত আপত্তিকর চরিত্রের মানুষ।’
তবে কোন ঘটনা থেকে এমন ক্ষোভ তৈরি হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। শুটিংয়ের সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কি না, কিংবা নওয়াজের কোনো আচরণে তিনি অপমানিত হয়েছেন কি না, সে বিষয়ে মুখ খোলেননি দিয়া।
দিয়ার পোস্ট সামনে আসতেই তৈরি হয়েছে নানা জল্পনা। নেটিজেনদের একাংশের ধারণা, কটাক্ষের বিষয়টি তাদের নতুন ওয়েব সিরিজের প্রচারের কৌশল। কারণ, দিয়া ও নওয়াজ দুইজনে একসঙ্গে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন। এমনকী তাঁরা পরস্পরকে ইনস্টাগ্রামেও অনুসরণ করেন। যদিও দিয়ার অভিযোগের বিষয়ে মুখ খোলেননি নওয়াজউদ্দীন। ফলে অভিযোগের নেপথ্যের ঘটনা কী, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, দিয়া-নওয়াজকে একসঙ্গে দেখা যাবে 'ডক্টর হাসান' নামের একটি ওয়েব সিরিজে। রোহন সিপ্পী পরিচালিত সিরিজটি আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।
ইএইচ/




