বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

অনন্ত জলিলের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত: গোলাম মাওলা রনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

অনন্ত জলিলের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত: গোলাম মাওলা রনি

ব্যাংকঋণের টাকা পরিশোধ করতে না পারায় চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ের জন্য এই নোটিশ পাঠানো হয়েছে। পাওনা পরিশোধ না করলে তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা করার কথা জানিয়েছে ব্যাংকটি।

আইনি নোটিশ পাঠানোর বিষয়টি স্বীকার করে সম্প্রতি গণমাধ্যমকে জলিল বলেছিলেন, ‘করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছি। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।’

ঋণ পরিশোধ করতে না পারার খবর প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেতা। নেটিজেনদের অনেকেই তাঁকে খোঁচা দিয়ে পোস্ট করেন। এবার অভিনেতাকে নিয়ে কথা বললেন সাবেক সংসদ সদস্য ও লেখক গোলাম মাওলা রনি। বুধবার (১১ নভেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, ‘নায়ক অনন্ত জলিলের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত। ১২ হাজার শ্রমিক। হাজার কোটি টাকার সম্পদ। দেনা মাত্র ২০০ কোটি।’

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদন বিবেচনা করে ২০২৪ সালের ২৮ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তী সময়ে ঋণের অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের কাছে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল।

গত ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এরপরই পাওনা অর্থ আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় ব্যাংক।

নোটিশে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে চেকে উল্লেখিত ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর