ব্রিটিশ লেখক ও কৌতুক অভিনেতা ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি নিউজ ও দ্য গার্ডিয়ানের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে একাধিক নারী তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ৫৫ বছর বয়সী এই অভিনেতা।
ভুক্তভোগীদের মধ্যে একজনের দাবি, ১৫ বছর বয়সে ওয়ালিয়ামসের বাড়িতে তিনি যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। মঙ্গলবার প্রকাশিত ওই অনুসন্ধানী প্রতিবেদনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, খ্যাতি ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ওয়ালিয়ামস কমবয়সী মেয়েদের যৌন উদ্দেশ্যে প্রলুব্ধ করতেন।
প্রতিবেদন প্রকাশ ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওয়ালিয়ামস। আইটিভি নিউজ ও দ্য গার্ডিয়ান যেন তাঁর পরিচয় প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করতে না পারে, সে জন্য আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন তিনি। তাঁর আইনজীবীদের দাবি ছিল, যৌন হয়রানির অভিযোগ প্রকাশিত হলে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে গত সপ্তাহে বিচারক তাঁর আবেদন খারিজ করে দেন। সোমবার রাত পর্যন্ত তাঁর পরিচয় গোপন রাখার নির্দেশ থাকলেও পরে তা তুলে নেওয়া হয়।
আইটিভির বরাতে ওয়ালিয়ামস বলেন, ‘আমি কোনো যৌন শিকারি নই। আমি আইন ভঙ্গ করিনি। তবে ১০ থেকে ২০ বছর আগে যেসব নারীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল, তাঁদের কেউ কেউ এখন আমার প্রতি ক্ষোভ প্রকাশ করছেন। এতে আমি মর্মহত।’
তিনি আরও বলেন, ‘একজন ব্যক্তি জনপ্রিয় হয়ে উঠলে ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হওয়া স্বাভাবিক, তবে কস্মিনকালেও ক্ষমতার ব্যবহার করিনি।’
আদালতে ওয়ালিয়ামসের আইনজীবী সারা মানসুরি জানান, সংবাদমাধ্যম দুইটি তাঁর মক্কেলের কাছে অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে চাইলে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সম্প্রতি মানসিক স্বাস্থ্যজনিত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন ওয়ালিয়ামস।
সংবাদমাধ্যমগুলোর পক্ষে আইনজীবী গ্যাভিন মিলার আদালতকে জানান, দীর্ঘদিন অনুসন্ধানের ভিত্তিতে এসব অভিযোগ সংগ্রহ করা হয়েছে। তাঁর দাবি, অনুসন্ধানের অংশ হিসেবে ১০০ জনেরও বেশি মানুষের সঙ্গে কথা বলা হয়েছে।
জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশন অনুষ্ঠান ‘লিটল ব্রিটেন’-এর কৌতুকাভিনয়ের মাধ্যমে পরিচিতি পান ওয়ালিয়ামস। পাশাপাশি শিশুতোষ বইয়ের লেখক হিসেবেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাঁর প্রকাশিত প্রায় ৪০টি বই বিশ্বজুড়ে ছয় কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। তাঁর লেখা ‘গ্যাংস্টা গ্র্যানি’সহ একাধিক বই অবলম্বনে বিবিসি নাটক ও মঞ্চনাটক তৈরি হয়েছে।
এ ছাড়া দীর্ঘদিন ‘ব্রিটেনস গট ট্যালেন্ট’-এর বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে ২০২২ সালে প্রতিযোগীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে বিচারকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
ইএইচ/




