মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

মারা গেলেন বরেণ্য সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

মারা গেলেন বরেণ্য সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ

সংগীত জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। বিষ্ণুপুর ঘরানার বরেণ্য সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ মারা গেছে। সোমবার (৯ নভেম্বর) রাতে কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। 

পণ্ডিত মণিলাল নাগের মেয়ে এবং প্রখ্যাত সেতারবাদক মিতা নাগ জানান, ২০২১ সাল থেকে তাঁর বাবা ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। দুর্গাপূজার দশমীর দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেবার সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তবে সোমবার রাতে ফুসফুসের সংক্রমণ আশঙ্কাজনক রূপ নিলে হাসপাতালে নেওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিটি রোডের বাসভবন থেকে শিল্পীর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় আনোয়ার শাহ রোডের রাজ্য সংগীত অ্যাকাডেমিতে। সেখান থেকে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ টালিগঞ্জের সংগীত রিসার্চ অ্যাকাডেমি এবং পরবর্তীতে সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদে নিয়ে যাওয়া হবে। এরপর কাশীপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১৯৩৯ সালে বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেন মণিলাল নাগ। তাঁর বাবা গোকুল নাগ ছিলেন বিষ্ণুপুর ঘরানার সেতারবাদক, যাঁর হাত ধরে মণিলালের সংগীতের প্রাথমিক শিক্ষা শুরু হয়। নিখিল বন্দ্যোপাধ্যায়ের প্রতিও তাঁর বিশেষ অনুরাগ ছিল। দীর্ঘ কর্মজীবনে দেশে ও বিদেশে অসংখ্য কনসার্টে তিনি সেতার পরিবেশন করেছেন। তাঁর সঙ্গে তবলায় সঙ্গত করেছেন পণ্ডিত সামতাপ্রসাদ, পণ্ডিত কিষেন মহারাজ, পণ্ডিত আনোখেলাল ও ওস্তাদ কেরামতুল্লা খাঁয়ের মতো প্রবাদপ্রতিম গুণী শিল্পীরা। সংগীত জগতে বিশেষ অবদানের জন্য তিনি ‘সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার’ এবং ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর