তাঁর কণ্ঠে ‘ও সানাম’ কিংবা ‘এক পল কা জিনা’—গানগুলো এখনও শ্রোতাদের মনে বিশেষ জায়গা দখল করে আছে। সেই জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী লাকি আলী আবারও আসছেন বাংলাদেশে। তিন বছর পর আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে দুইটি কনসার্টে গান শোনাবেন তিনি।
‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামের আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ঢাকা ব্রডকাস্ট।
১২ নভেম্বর চট্টগ্রামের র্যাডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে প্রথম কনসার্ট। পরদিন ১৩ নভেম্বর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে পারফর্ম করবেন লাকি আলী। দুই কনসার্টেই তাঁর সঙ্গে মঞ্চে থাকবে বাংলাদেশের কয়েকটি ব্যান্ড। তবে এখনও ব্যান্ডগুলোর নাম প্রকাশ করেননি আয়োজকেরা।
এদিকে ঢাকার কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। সাধারণ, প্রিমিয়াম ও ভিআইপি— তিন ক্যাটাগরিতে টিকিটের দাম রাখা হয়েছে যথাক্রমে ৪ হাজার, ৭ হাজার ও ১২ হাজার টাকা। ইকিউবের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন আগ্রহী দর্শকেরা।

তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংগীতশিল্পীদের অংশগ্রহণে কয়েকটি কনসার্ট বাতিল হওয়ায় লাকি আলীর আয়োজন নিয়েও দর্শকদের মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে আয়োজকেরা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আলোচনা করার পরই টিকিট বিক্রি শুরু হয়েছে। কনসার্ট দুটি সফলভাবে আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহযোগিতা পাবেন বলেও আশা করছেন তাঁরা।
এর আগে ২০২৩ সালে ঢাকায় এসেছিলেন লাকি আলী। নব্বইয়ের দশকে পপ ও বলিউডের গানের মাধ্যমে নিজের শক্ত অবস্থান তৈরি করেন লাকি আলী। ১৯৯৬ সালে প্রকাশিত তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুনোহ’ তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এই অ্যালবামের ‘ও সানাম’ গানটি আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
বলিউডের প্লেব্যাক শিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে তাঁর। লাকি আলী গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি যা’, ‘জানে কেয়া ঢুন্ডতা হ্যায়’, ‘আহিস্তা’ ও ‘সফরনামা’।
ইএইচ/




