দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে আজ। অবশেষে যমুনা ফিউচার পার্কে পিং কমপ্লেক্সের কার্নিভাল অ্যারেনায় আয়োজিত কনসার্ট দিয়ে এক মঞ্চে হাজির হচ্ছে নগর বাউলের জেমস এবং আর্কের হাসান। শুক্রবার (২৩ অক্টোবর) গান শোনাবেন তাঁরা।
শপিং কমপ্লেক্সের কার্নিভাল অ্যারেনায় বসছে ‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এতে নিজ দল নগরবাউল নিয়ে পারফর্ম করবেন জেমস।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে অনেকদিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।’
আয়োজক প্রতিষ্ঠান ‘অ্যাডভেন্টর কমিউনিকেশন’ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বিশেষ এই আয়োজনে নগরবাউল ও আর্ক ছাড়াও দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য পারফর্ম করবে।
পাশাপাশি, গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন বলে জানা গেছে। সঙ্গে একক পরিবেশনাতেও থাকবেন তিনি। এছড়া জনপ্রিয় চিত্রনায়ক জসীমের ছেলে একে রাহুলও ওই কনসার্টে পারফর্ম করবেন।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে ‘রক এন রিদম’ সিরিজের কনসার্ট নিয়মিত আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজটির পঞ্চম আসর। এর আগের আয়োজনগুলোর মধ্য দিয়ে রক ও মেটালসংগীতপ্রেমীদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছে কনসার্ট সিরিজটি। এবার এক মঞ্চে জেমস-হাসানসহ পাঁচ জনপ্রিয় ব্যান্ডের উপস্থিতি ভক্তদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।




