সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকাল হাসানকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। বরেণ্য শিল্পীর প্রতি এমন অসম্মানজনক আচরণে পুরো সংগীত জগত এবং ভক্তরা গভীরভাবে ক্ষুব্ধ হন। সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানান শিল্পীরা ও অনুরাগীরা।
এবার অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে এবং শিল্পীদের সম্মান জানানোর জন্য এক্স ফোর্স প্রেজেন্স ‘লাউড সিটি টেকওভার’ নামের বিশেষ এক রক কনসার্টের আয়োজন করা হচ্ছে। কনসার্টটি আগামী চার সেপ্টেম্বর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবে ব্যান্ড এআরকে। বিষয়টি জানিয়েছেন সুরকার ও রক সংগীতশিল্পী এ কে রাহুল।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক পোস্টে রাহুল লেখেন, ‘আমাদের সবার প্রিয় রক কিংবদন্তি হাসান ভাইকে ঘিরে ঘটে যাওয়া সেই অপ্রত্যাশিত ও অত্যন্ত দুঃখজনক ঘটনাটি আমাদের সবাইকে নাড়া দিয়েছিল। ঘটনাটি দেখার পরপরই আমি টিংকু ভাইকে ফোন করে আমার দুঃখপ্রকাশ করি। একইসঙ্গে তাঁকে আশ্বস্ত করেছিলাম— আমাদের মিউজিক কিংবদন্তিদের প্রাপ্য সম্মান আমরা ফিরিয়ে দিতে চাই। সেদিনই তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলাম— আমরা এমন একটি আয়োজন করবো যেখানে তাঁরা নিজেদের মতো করে যতক্ষণ খুশি মন খুলে বাজাতে পারবেন। কোনো তাড়া থাকবে না। কোনো সীমাবদ্ধতা থাকবে না। থাকবে শুধু শিল্পী ও সংগীতের স্বাধীনতা।’
তিনি আরও জানান, আয়োজনে কোনো লোক দেখানো চাকচিক্য থাকবে না। এখানে থাকবে শুধু খাঁটি গান, রক এবং শিল্পীদের প্রতি নিখাদ ভালোবাসা। টিকিটের মূল্যও সাশ্রয়ী রাখা হয়েছে যাতে প্রকৃত সংগীতপ্রেমীরা সহজে অংশ নিতে পারেন।
আগামী চার সেপ্টেম্বর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টের হেডলাইনার হিসেবে থাকছেন হাসান ও তার ব্যান্ড এআরকে। এছাড়া মঞ্চ মাতাবেন আরও সাতটি শক্তিশালী ব্যান্ড।
ইএইচ/




