মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে কটূক্তি, অনুরাগের বিরুদ্ধে পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে কটূক্তি, অনুরাগের বিরুদ্ধে পরোয়ানা জারি
চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ

ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। অনন্ত মহাদেবনের সিনেমা ‘ফুলে’ সেন্সরের কাচি পড়ার প্রতিবাদ করতে গিয়ে সামাজিক মাধ্যমে ব্রাহ্মণ সম্প্রদায়কে উদ্দেশ্য আপত্তিকর মন্তব্য করে বসেন তিনি। এ ঘটনা গড়ায় আদালতে। পরিচালকের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছিল। সেসব মামলায় বেশ কয়েকবার তাঁকে চিঠি পাঠিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশনা দেয় আদালত। তবে তোয়াক্কা করেননি তিনি। শেষ পর্যন্ত পরিচালকের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে ভারতের সুরাট আদালত।

জ্যোতিরাও ফুলের জীবনীচিত্র নিয়ে নির্মিত ‘ফুলে’ সিনেমার ট্রেলার প্রকাশের পর ব্রাহ্মণ সমাজ তীব্র প্রতিবাদ জানায়। ট্রেলারে ব্রাহ্মণ সম্প্রদায়কে খাটো করার অভিযোগ ওঠে। ফলে সেন্সর ওই দৃশ্যে কাচি চালায়। অনন্ত মহাদেবনের চলচ্চিত্রকে সমর্থন জানিয়ে অনুরাগ সোশ্যাল মিডিয়ায় সরব হন। সে সময় এক নেটিজেনের পালটা আক্রমণের জবাবে তিনি বলেন,  ‘ব্রাহ্মণদের উপরে আমি মূত্রত্যাগ করি… সমস্যা আছে?’ যা নিয়ে মুহূর্তেই দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

পরিচালকের বেফাঁস মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা কমলেশ রাভাল। সুরাটের আদালতে ভারতীয় ন্যায়সংহিতার ১৯৬ ধারা (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো), ৩৫২ ধারা (শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) এবং ৩৫৩(২) ধারায় (মিথ্যা তথ্য প্রচার) মামলা দায়ের করা হয়।

অভিযোগকারীর দাবি, একজন জনপ্রিয় নির্মাতা এ ধরনের মন্তব্য বিভিন্ন সম্প্রদায় ও জাতির মধ্যে শত্রুতা ও ঘৃণা ছড়াতে পারে। যা সুস্থ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। মামলার পর আদালতে হাজিরা দেওয়ার জন্য পরিচালককে একাধিকবার সমন পাঠানো হয়, এমনকি সংবাদপত্রে বিজ্ঞপ্তিও জারি করা হয়। কিন্তু অনুরাগ সেসবের তোয়াক্কা না করে হাজিরা এড়িয়ে যান। এর পরিপ্রেক্ষিতে সুরাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জে ভি চৌহান অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছেন। আগামী ২৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, বেফাঁস মন্তব্যের জন্য এর আগে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন অনুরাগ। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর